‘রেড লিস্ট’–এর হালনাগাদ তালিকা প্রকাশ অনুষ্ঠানে আহ্বান
আর একটি বন্য প্রাণীও যাতে হারিয়ে না যায়
বন্য প্রাণী রক্ষায় সরকারকে এমন জোরালো পদক্ষেপ নিতে হবে, যাতে আর একটি বন্য প্রাণীও হারিয়ে না যায়। যে ১ হাজার ৬১৮ প্রজাতির প্রাণী টিকে আছে, সেগুলোকে রক্ষা করতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার দেশের বন্য প্রাণীর হালনাগাদ তালিকা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) যৌথভাবে এ তালিকা প্রস্তুত এবং প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রেড লিস্ট’ নামের এই তালিকাটিতে বিলুপ্ত, মহাবিপন্ন, বিপন্ন, ঝুঁকিতে থাকা ও ঝুঁকিতে নেই এমন প্রাণীগুলোর নাম এবং অবস্থান যুক্ত করা হয়েছে। নতুন এ তালিকায় বন্য প্রাণী বিশেষজ্ঞদের নতুন করে পাওয়া ১৪ প্রজাতির প্রাণীর নামও যুক্ত করা হয়েছে।
রেড লিস্ট প্রকল্পের প্রধান কারিগরি উপদেষ্টা ড. আলী রেজা খান বন্য প্রাণীর এই হালনাগাদ তালিকাকে দেশের অমূল্য সম্পদ হিসেবে বর্ণনা করে বলেন, এই প্রাণীগুলো রক্ষায় এখন সরকারকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, সচিব কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।