আর একটু ভাঙলেই বিলীন হবে স্কুল ও কবরস্থান
আত্রাই নদের ভাঙনের কবলে পড়েছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ১১ নম্বর বিলহরিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৎসংলগ্ন কবরস্থান। আর একটু ভাঙলেই বিলীন হয়ে যাবে এ বিদ্যালয়ের ভবন ও কবরস্থানটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছরে ভাঙনের কবলে পড়ে তিন বিঘার এ কবরস্থানের অন্তত এক বিঘা ও প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ বিঘার মধ্যে দুই বিঘা নদীতে বিলীন হয়েছে। বর্তমানে বিদ্যালয় ভবনটি হুমকির মুখে রয়েছে। এলাকার বিলহরিবাড়ি, হরদমা, বাঘাবাড়িপাড়াসহ চার-পাঁচটি গ্রামের মানুষকে এ কবরস্থানে দাফন করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আত্রাই নদের শাখা হরদমা নালার তীর ঘেঁষে গড়ে উঠেছে কবরস্থান ও প্রাথমিক বিদ্যালয়টি।
কবরস্থান কমিটির সদস্য আফতার উদ্দিন আহম্মেদ ও আবদুল কুদ্দুস বলেন, ভাঙনে কবরস্থানটির প্রায় ৪০-৫০ হাত এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। এতে মরদেহ দাফনের জায়গা-সংকট দেখা দিয়েছে।