আর কত কাল...
‘আর কত কাল বিচারের আশায় ঘুরব। মিথ্যা মামলায় হয়রানির দিন কবে শেষ হবে? এভাবে হয়রানি হওয়ার জন্যই কি মুক্তিযুদ্ধ করেছিলাম?’ গত রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সামনে এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হান্নান (৬১)।মামলার সংক্ষিপ্ত বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৮ জানুয়ারি উপজেলার গোপালনগর গ্রামের আবির হোসেন তাঁর ছেলে মনিরুল ইসলামকে (২০) হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার ৪ নম্বর আসামি হলেন আবদুল হান্নান। ১৬ জানুয়ারি শিবগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়। ১৪ জুলাই আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করার আগেই কথিত অপহূত মনিরুল ইসলাম বাড়ি ফিরে আসেন। ২ জুলাই তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের কাছে জবানবন্দি দেন। এদিকে মামলার বাদী আবির হোসেন একই বছরের ১৬ সেপ্টেম্বর প্রধান আসামি (১ নম্বর) এস্তাবুরের সঙ্গে আপস করেন। পরে মামলাটি সাবজজ-১ আদালতে চলে যায়। বাদীর সঙ্গে প্রধান আসামির সমঝোতার সালিসনামা ও ম্যাজিস্ট্রেটের তদন্ত প্রতিবেদন যথারীতি বিচার পরিচালনাকারী আদালতে (সাবজজ-১ চাঁপাইনবাবগঞ্জ) পেশ করা হয়। এর পরও মামলাটি এ পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, ইতিমধ্যে আদালত বাদী ও সাক্ষীদের হাজির হওয়ার জন্য একটি সমন ও ১১টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু তাঁরা এখন পর্যন্ত আদালতে হাজির হননি। এ ব্যাপারে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আদালতের এসব সমন ও গ্রেপ্তারি পরোয়ানা শিবগঞ্জ থানায় পাঠানো হয়েছে।’ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘থানায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসেনি।’ এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা আবদুল হান্নানের আইনজীবী মো. সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘বাদী ও সাক্ষীদের আদালতে হাজির না হওয়া এবং দীর্ঘ সাত বছরে মামলা নিষ্পত্তি না হওয়ার ঘটনা বেদনাদায়ক।’