আর কত দিন ভয়ে কাটাবেন রোগীরা!
পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু ইউনিটের ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। মাসখানেক আগে ভবনের একটি কক্ষে কাজ করছিলেন আলেয়া খাতুন নামের এক কর্মচারী। হঠাৎই ছাদ থেকে ইট-বালুর একটি অংশ খসে পড়ে তাঁর মাথায়। এতে গুরুতর আহত হন তিনি। তাঁর মতো এমন গুরুতর আহত হওয়ার ঘটনা আর না ঘটলেও ইট-বালু খসে পড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের আঘাত পেতে হয় প্রায়ই। অথচ ভবনটির এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কথা নয়। অন্তত ১৫ মাস আগে সেটির সংস্কার শেষ হওয়ার কথা। সঙ্গে সম্পন্ন হওয়ার কথা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণের যাবতীয় কাজ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২০ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সে সময় দরপত্র আহ্বান করে ঠিকাদারও নির্বাচন করা হয়। কিন্তু দরপত্র নিয়ে জটিলতা দেখা দেওয়ায় থমকে যায় সব কর্মকাণ্ড। প্রায় দেড় বছর এভাবে পার হওয়ার পর ওই দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বান করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ পুরোনো ভবন সংস্কার ও নতুন আরেকটি ভবন নির্মাণের জন্য ব্যয় ধরা হয় চার কোটি ৭৭ লাখ টাকা। স্কয়ার ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ করার জন্য মনোনীত হয়। ২০০৮ সালের ৮ জুন কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে অর্থাৎ ২০০৯ সালের ৮ ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পেরে স্বাস্থ্য বিভাগের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা ইউনিটের (সিএমএমইউ) কাছে সময় বাড়ানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। কিন্তু ওই সময়ের মধ্যেও কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি আবারও সময় বৃদ্ধির আবেদন করে। এতে চলতি বছরের ৮ জুনের মধ্যে কাজ শেষ করার চূড়ান্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এখানে রোগীর চাপ জেলার যেকোনো স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ে বেশি। অথচ এটির কাজ চলছে একেবারেই ধীর গতিতে। এভাবে কাজ শেষ হতে কয় বছর লাগবে তা কে জানে!’ ঠিকাদারি প্রতিষ্ঠান স্কয়ার ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. শাহনেওয়াজ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় আমরাও আর্থিকভাবে লোকসানে পড়েছি। তবে যথাসময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারব বলে আশা করছি।’