আর কত প্রাণ গেলে কারখানা নিরাপদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে কারখানায় বিস্ফোরণে শ্রমিকের মৃত্যুর ভয়াবহতা বাংলাদেশের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গত বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বল হয়, সাম্প্রতিক এই দুর্ঘটনা নতুন করে এই প্রশ্ন সামনে নিয়ে এসেছে যে, আর কত মানুষ নিহত হলে বাংলাদেশের কর্তৃপক্ষ অনিরাপদ কারখানাগুলো প্রতিরোধে ব্যবস্থা নেবে?
গত শনিবার টঙ্গীর টাম্পাকো কারখানায় দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ১০ জন। কারখানার তিনতলা ভবন ধসে পড়েছে। ওই কারখানায় নেসলে ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্যাকেজিংয়ের কাজ হতো।
বিবৃতিতে এইচআরডব্লিউ জানিয়েছে, নেসলের এক মুখপাত্র তাদের জানিয়েছেন যে, তাদের হয়ে তৃতীয় পক্ষের এক নিরীক্ষক ২০১১ সালে টাম্পাকো কারখানা পরিদর্শন করেছিলেন। ২০১২ সালের ডিসেম্বরে পরবর্তী পরিদর্শনের আগে সবগুলো স্বাস্থ্য ও নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটিগুলো সমাধান করা হয়েছিল। তবে কবে ও কাদের মাধ্যমে সর্বশেষ কারখানা পরিদর্শন করা হয়েছিল, এ-সংক্রান্ত এইচআরডব্লিউর প্রশ্নের কোনো জবাব দেয়নি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের দৃঢ় অবস্থান ও পদক্ষেপ প্রয়োজন।