আর কত বুড়া অইলে ভাতা পামু?
আকুব আলীর ভোটার আইডি কার্ড অনুযায়ী বয়স প্রায় ১০০ বছর। কিন্তু এই বয়সেও ভাগ্যে জোটেনি সরকারের বয়স্ক ভাতার সহায়তা। এ জন্য আক্ষেপ করে তিনি বললেন, ‘হুনি সরকার বুড়া মানষেরে বয়স্ক ভাতা দেয় কিন্তু মুই তো পাই না!’ আক্ষেপের সুরে তাঁর প্রশ্ন, ‘আর কত বয়স অইলে মুই এই ভাতা পামু?’ বয়সের ভারে নুয়ে পড়া শতবর্ষী আকুব আলীর বাড়ি বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে।
সম্প্রতি কথা হয় এই প্রবীণের সঙ্গে। এ সময় নিজের ভোটার আইডি কার্ড বের করে তিনি দেখান। তাতে দেখা যায়, ১৯১৭ সালের ১২ সেপ্টেম্বর (আইডি নম্বর ০৪১০৯৪৭৩৩৩৩২২) আকুব আলী হাওলাদারের জন্ম। ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী আকুব আলীর বর্তমান বয়স ১০০ বছর। তাঁর বাবার নাম হাতেম আলী হাওলাদার।
পৈতৃক সূত্রে পাওয়া ৭ বিঘা জমি দিয়ে ৫ ছেলে ও ৪ মেয়ের সংসার পরিচালনা করলেও বার্ধক্যে এসে অভাব অনটনে দিন কাটে তাঁর। বার্ধ্যকের কারণে আকুব আলী এখন আর সংসারের কোনো কাজকর্ম করতে পারেন না। তার ওপর শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ-বিসুখ। সারা দিন ঘরের এক কোণে শুয়ে-বসে কাটান। হাঁটাচলাও করতে পারেন না তেমন। ছোট ছেলে বাবুল হাওলাদারের কাছে থাকছেন। স্ত্রী, দুই ছেলেসহ পাঁচজনের টানাটানির সংসার বাবুলের। দিনমজুরি আর একটি স্কুলের দপ্তরির কাজ করে যা আয় হয়, তা দিয়ে ছেলেদের লেখাপড়াসহ সংসার পরিচালনা করে বাবা আকুব আলীর জন্য নিয়মিত খাবারসহ ওষুধের টাকা জোগাড় করতে পারেন না।
বাবুল হাওলাদার বলেন, ‘বাবার খাওয়া-দাওয়ার খরচ কোনো রকম জোটাতে পারলেও ওষুধের খরচ দিতে পারি না। বাবার শরীর বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হওয়ায় প্রতিদিন তাঁর ওষুধের জন্য ৮০-১০০ টাকা খরচ হয়। আমি গরিব মানুষ এত টাকা পাব কোথায়?’
আকুব আলী বলেন, ‘বাবা, চলাফেরা করতে পারি না। হ্যার পরেও মেম্বারের ধারে যাইয়া ভাতার টাহার লইগ্যা অনেক অনুনয়-বিনয় করছি কিন্তু নাম লিস্টে ওডে নায়।’
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওলিউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আকুব আলী যদি ভাতা না পেয়ে থাকেন, তাহলে আমাদের দপ্তরে আবেদন করলে তাঁর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।’