আর কত রক্তের প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হরতালের নামে নিরীহ মানুষ হত্যার অভিযোগ করে বলেছেন, তাঁর (খালেদা জিয়া) পিপাসা মেটাতে আর কত রক্তের প্রয়োজন। প্রধানমন্ত্রী গতকাল শনিবার বিকেলে গণভবনে গত ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত-হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদানকালে এ কথা বলেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা শুধু সন্ত্রাসে বিশ্বাস করে। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা সন্ত্রাস ও ধ্বংসলীলা চালিয়েও খুশি নন। তিনি আরও ধ্বংস, আরও অরাজকতা চান। শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনার ধারণা, এ ধরনের ধ্বংসাত্মক ও সহিংস কর্মকাণ্ডের জন্য জনগণ আপনাকে বাহবা দেবে। কিন্তু আমি মনে করি, জনগণ এ ধরনের অরাজকতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে দেওয়া তাঁর আলোচনার প্রস্তাব সম্পর্কে বলেন, ‘আমি দেশ ও জনগণের স্বার্থে তাঁকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু বিরোধীদলীয় নেতা যে ভাষায় আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন, তা মোটেই শোভন ছিল না। এটি রাজনৈতিক ভাষা হতে পারে না। তিনি আমাকে বলেন, তিনি আমার সঙ্গে বসবেন না।’

কলম্বোয় হাসিনা-সালমান বৈঠক: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত শুক্রবার রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বন্দরনায়েকে মেমোরিয়াল কনফারেন্স হলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সালমান খুরশিদ।

প্রধানমন্ত্রী তখন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে কলম্বোয় ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান খুরশিদের সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং প্রতিবেশী দুটি দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক জোরদারে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।