আর কত লাশের বিনিময়ে মিলবে চিকিৎসা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের প্রধান ফটকের কাছে টানানো সেই ব্যানার। গতকাল তোলা ছবি l প্রথম আলো
হাসপাতালের প্রধান ফটকের কাছে টানানো সেই ব্যানার। গতকাল তোলা ছবি l প্রথম আলো

প্রধান ফটক ধরে গাইবান্ধা সদর হাসপাতালে ঢুকতেই চোখে পড়ে একটি ডিজিটাল ব্যানার। ওপরের অংশে লাল অক্ষরে লেখা, ‘গাইবান্ধা সদর হাসপাতালে সুস্থ মানুষ আসলে রোগী হয়ে যায়, আর রোগী আসলে লাশ হয়ে ঘরে ফেরে...।’ নিচের দিকে লেখা, ‘আর কত লাশের বিনিময়ে সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ফিরে পাব আমরা?’

জেলা যুবলীগ ব্যানারটি টানিয়েছে। জেলা যুবলীগের সদস্য আনিছুর রহমান জোয়ার্দারকে সাপে কাটলে গত ১১ আগস্ট এ হাসপাতালে আনা হয়। কিন্তু দীর্ঘ সময় গেলেও উপযুক্ত চিকিৎসা পাননি তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নেতা-কর্মীদের অভিযোগ, গাইবান্ধা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় মৃত্যু হয় আনিছুরের।

জেলা যুবলীগের সভাপতি সরদার সাহিদ হাসান প্রথম আলোকে বলেন, গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় প্রায়ই রোগী মারা যাচ্ছে। প্রতিবাদ করলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। তাই জনসচেতনতায় ব্যানারটি টানানো হয়েছে।

তবে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীনুল ইসলাম বলেন, চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ সঠিক নয়। এ হাসপাতালে পালা করে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গাইবান্ধা সদর হাসপাতালের নানা অব্যবস্থাপনার চিত্র পাওয়া যায়। হাসপাতালের ভেতরে যত্রতত্র পড়ে আছে স্যালাইন, ওষুধের খোসা ও ময়লা-আবর্জনা। দুপুর ১২টায় জরুরি বিভাগে গিয়ে দেখা গেল, রোগী আর আত্মীয়স্বজনের ভিড়ে পা ফেলা দায়। কিন্তু কোথাও কোনো চিকিৎসক নেই। খোঁজ নিয়ে জানা গেল, হাসপাতালের তত্ত্বাবধায়ক, আরএমওসহ সব চিকিৎসক হাসপাতাল ক্যাম্পাসেই একটি কর্মশালায় অংশ নিয়েছেন। যেটি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বেশির ভাগ শয্যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধে শৌচাগারগুলোর কাছেই যাওয়া যায় না। নিচতলায় পুরুষ ওয়ার্ডের ২০ নম্বর শয্যায় চিকিৎসাধীন সদর উপজেলার চাপাদহ গ্রামের মমতাজ আলী (৫৫) বললেন, ‘হাসপাতালের ফ্যান নষ্ট। তিন দিন থাকি গরমের মদ্যে আচি। তাই বাড়িত থাকি ফ্যান আনচি।’

দোতলায় মহিলা ওয়ার্ডের ১১ নম্বর শয্যায় চিকিৎসাধীন একই উপজেলার ত্রিমোহিনী গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শাহানা খাতুন। শাহানার বাবা সাদা মিয়া বললেন, ‘ছোলট্যাক ভরতি করাচি। দিনে অ্যাকবার ডাক্তার আইসে। আর খোঁজ পাওয়া যায় না। না ডাকলে নার্চরা আসে না।’

পুরুষ ওয়ার্ডের ১৬ নম্বর শয্যায় চিকিৎসাধীন একই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের শামীম মিয়া (২৫) বলেন, ‘হামরা গরিব মানুষ। সোরকারি হাসপাতালোত ভরতি হচি, বিনে পয়সায় ওষুদ পামো। দুই দিন আগোত ওপারেশন করচি। কিনতো হাসপাতাল থাকি কোনো ওষুদ দেয় নাই।’

সদর উপজেলার কামারজানি গ্রামের এক রোগীর স্বজন মিলন মিয়া অভিযোগ করেন, ব্যবস্থাপত্রে বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। কিন্তু হাসপাতালের কর্মচারীদের টাকা দিলে হাসপাতালেই বিভিন্ন দামি সরকারি ওষুধ পাওয়া যায়।

হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা অতিষ্ঠ, এমন অভিযোগের অন্ত নেই। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চোখে পড়ে, ‘দালালদের দৌরাত্ম্য বন্ধ করো, দালালমুক্ত হাসপাতাল চাই’ লেখা কাগজ দেয়ালে দেয়ালে সেঁটে দেওয়া। ভুক্তভোগী ব্যক্তিরাই এসব কাগজ সেঁটে দিয়েছেন।

কয়েকজন রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলের রোগীরা হাসপাতালে পা রাখামাত্রই দালালদের খপ্পরে পড়ে। চিকিৎসকেরা ব্যবস্থাপত্র দেওয়ার পর তারা ভুলিয়ে-ভালিয়ে রোগীর লোকজনকে বিভিন্ন ক্লিনিক ও ওষুধের দোকানে নিয়ে যায়।

হয়রানির শিকার সদর উপজেলার কামারজানি গ্রামের সাদ্দাম হোসেন বলেন, তিনি কয়েক দিন আগে তাঁর ভাইকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক এক্স-রে করতে বলেন। এরপর এক দালাল ধরাধরি করে তাঁকে জোর করে একটি প্যাথলজিক্যাল ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখানেই এক্স-রে করানো হয়।

হাসপাতালের আরএমও বলেন, দালালদের হাতে রোগীর লোকজনের হয়রানির বিষয়টি তাঁর জানা নেই। তিনি আরও বলেন, তিন বেলা শৌচাগার পরিষ্কার করা হয়। তবে রোগীর ও স্বজনদের সচেতনতার অভাবে সেগুলো অপরিচ্ছন্ন হয়ে পড়ে। টাকা দিয়ে দামি ওষুধ পাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।