আর কত হাত পাতবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাহারাজপুর গোয়ালটুলি গ্রামের জেন্টুর রহমান (৬১) একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য। কিন্তু তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা পান না। তিনি এখন পাঁচ সদস্যের পরিবার নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। সম্প্রতি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দেখা হয় তাঁর সঙ্গে। কথা বলতে গিয়ে ঘরভর্তি মুক্তিযোদ্ধাদের সামনে কান্নায় ভেঙে পড়েন জেন্টুর রহমান। তিনি জানান, যুদ্ধে তাঁর গলার এক পাশে গুলি লাগে। গুলি ডান পায়েও লাগে। মর্টার শেলের টুকরো বিঁধে যায় পিঠে। ভারতে চিকিৎসার পর সুস্থ হয়ে আবারও মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চাকরি নেন। ১৯৮৬ সালে অবসরে যান তিনি। তাঁর চাকরি অবসানের প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বুলেটে আঘাতপ্রাপ্ত।’বর্তমানে সেনাবাহিনীর এক হাজার ১৪০ টাকা অবসর ভাতা পান। ১৯৯৮ সাল থেকে তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা পেতে চেষ্টা চালিয়ে আসছেন। ২০০০ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতা পাওয়ার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। তাঁর ক্রমিক নম্বর ১২৪। কিন্তু রহস্যজনক কারণে আজও তিনি সেই ভাতা পাননি। বছর দুই আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে সাধারণ মুক্তিযোদ্ধার ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়।জেন্টুর রহমান জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে শেলের টুকরোর আঘাত ও পায়ে গুলির আঘাতজনিত ব্যথায় কাতর হয়ে পড়েছেন তিনি। কয়েক বছর ধরে ডান হাতে বল পান না। হাতটি পক্ষাঘাতগ্রস্তের মতো হয়ে গেছে। ডান পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দুমুঠো ভাত জোগাড়ের জন্য লজ্জার মাথা খেয়ে আত্মীয়স্বজন ও চেনা-পরিচিতদের কাছে হাত পাতেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, জেন্টুর রহমান যথার্থই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার দাবিদার। কিন্তু জোট সরকারের আমলে সেনাবাহিনী, পুলিশ ও বিডিআর থেকে অবসরপ্রাপ্তদের ওই ভাতা দেওয়া হতো না। কিন্তু বর্তমান সরকার তাঁদের ভাতা দেওয়া শুরু করেছে। জেলা ইউনিটের পক্ষ থেকে জেন্টুর রহমানের জন্য চেষ্টা চালানো হবে।