‘বর্তমান সরকার মেয়াদের শেষ বছরে পদার্পণ করেছে। কিন্তু এত দিন ধরে আদিবাসীদের অধিকার ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে শুধু আশ্বাসই দিয়েছে সরকার। আমরা আর কতকাল আশ্বাসের বাণী শুনব? এখন কাজ করে দেখানোর সময়।’কথাগুলো বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট ২০১২’-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আদিবাসীদের বিশেষ সুরক্ষা দেওয়া রাষ্ট্রের বদান্যতা নয়। এটা একধরনের বাধ্যবাধকতা। এটা শুধু রাষ্ট্রীয় আইনেই নয়, আন্তর্জাতিক আইনেও স্বীকৃত বলে তিনি মন্তব্য করেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, আদিবাসীদের বিরুদ্ধে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় আদিবাসীদের ওপর সহিংসতা বেড়ে গেছে। মিজানুর রহমান আরও বলেন, বেশির ভাগ ক্ষেত্রে আদিবাসীদের ওপর সহিংসতার কোনো বিচার হয় না। এমন চলতে থাকলে বিচার বিভাগের ওপর তাদের (আদিবাসীদের) আস্থা শূন্যের কোঠায় নেমে যেতে পারে। অনুষ্ঠানের আয়োজক ছিল আদিবাসীদের মানবাধিকারভিত্তিক সংগঠন ‘কাপেং ফাউন্ডেশন’। সংগঠনটি ২০০৭ সাল থেকে প্রতিবছর আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদন তৈরি করছে। সংগঠনের সমন্বয়ক মং সিং ঞো ২০১২-এর প্রতিবেদন তুলে ধরেন। এতে বলা হয়, ২০১১ সালের তুলনায় আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত বছর বেড়ে গেছে। গেল বছর সাতজন নারীসহ ১৬ জন আদিবাসী নিহত হয়। এ সময় ৭৫ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। ২০০৭ সালে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছিল মাত্র নয়টি। প্রতিবেদনে বলা হয়, আদিবাসীদের প্রতি সহিংসতার অন্যতম কারণ ভূমিসংক্রান্ত বিরোধ। আদিবাসীদের প্রান্তিকতা তাদের প্রতি সহিংসতার কারণ বলে মনে করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পরিচিতি নিয়ে রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণের কারণেই দিন দিন নির্যাতন বাড়ছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং মানবাধিকার প্রতিবেদনকে ইতিবাচকভাবে গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, আন্তর্জাতিক সংস্থা অক্সফামের বাংলাদেশ প্রধান গারেথ প্রাইজ-জোনস প্রমুখ।