আর কথা হলো না সুফিয়ানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে গত বুধবার প্রশিক্ষণের সময় মর্টারে শেল বিস্ফোরণে নিহত হন বিজিবির সদস্য একরামুল হক। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চান্দুলিয়া গ্রামে গতকাল তাঁর বাড়িতে বাবা-মায়ের আহাজারি । ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের ঘাটাইলে গত বুধবার প্রশিক্ষণের সময় মর্টারে শেল বিস্ফোরণে নিহত হন বিজিবির সদস্য একরামুল হক। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চান্দুলিয়া গ্রামে গতকাল তাঁর বাড়িতে বাবা-মায়ের আহাজারি । ছবি: প্রথম আলো

‘আব্বা, দোয়া করবেন, ফায়ারিংয়ে যাচ্ছি, পরে কথা হবে।’ টাঙ্গাইলের ঘাটাইলে মর্টারে শেল বিস্ফোরণে নিহত হওয়ার ২০ মিনিট আগে বাবা আবদুর রাজ্জাককে মুঠোফোনে এ কথা বলেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আবু সুফিয়ান। কিন্তু বাবার সঙ্গে আর কথা বলা হয়নি সুফিয়ানের। ছেলের এই শেষ কথা মনে করে দুই দিন ধরে কাঁদছেন বৃদ্ধ রাজ্জাক।
আট মাসের শিশুকে কোলে নিয়ে আছড়ে পড়ে কাঁদছেন সুফিয়ানের স্ত্রী হাফিজা বেগম। সুফিয়ানের বাবা ও স্ত্রীর এই কান্না শোককাতর করেছে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দাদেরও। গতকাল বৃহস্পতিবার সুফিয়ানের বাড়িতে ছিল এমন পরিবেশ।
গত বুধবার ঘাটাইলে প্রশিক্ষণের সময় শেল বিস্ফোরণে বিজিবির যে চারজন ও সেনাবাহিনীর দুজন সদস্য নিহত হন, তাঁদের একজন সুফিয়ান। ওই বিস্ফোরণে আহত বিজিবির একজন কর্মকর্তাসহ ১০ জন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবির নিহত চার সদস্যের জানাজা গতকাল বিকেলে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানাজায় শরিক হন। এ সময় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে বিজিবি মহাপরিচালকের তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক এবং নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। জানাজা শেষে দাফনের জন্য মরদেহ বিজিবির ব্যবস্থাপনায় নিহত ব্যক্তিদের গ্রামের বাড়িতে পাঠানো হয়।
ওই দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মরদেহ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এঁদের মধ্যে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ইসলামের (৪৪) মরদেহ তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরের বিলচাপড়া গ্রামে দাফন করা হয়। এর আগে ঘাটাইল সেনানিবাসে অনুষ্ঠিত জানাজায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ও সেনাসদস্যরা অংশ নেন। অপর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ আলীর (৪৩) মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে প্রথমে ঢাকা ও পরে তাঁর গ্রামের বাড়ি মাগুরা সদরের পাল্লা গ্রামে নেওয়া হয়। সেখানে তাঁর মরদেহ দাফন করা হয়।
মাতম একরামুলের বাড়িতেও: বুধবার প্রশিক্ষণে যাওয়ার আগে স্ত্রী নাজমিন নাহারের সঙ্গে কথা বলেছিলেন বিজিবি সদস্য একরামুল হক। বলেছিলেন, মার্চে স্ত্রী-সন্তানকে কর্মস্থল জয়পুরহাটে নিয়ে যাবেন। গতকাল সকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চান্দুলিয়া গ্রামে একরামুলের বাড়িতে শোকসন্তপ্ত নাজমিন বারবার স্বামীর সঙ্গে ওই আলাপের কথাই বলছিলেন। পুরো বাড়িতে চলছে মাতম।
একরামুলের মা জাহানারা খানম ও স্ত্রীর কান্নায় চোখের পানি আটকাতে পারেননি প্রতিবেশী ও স্বজনেরা। বিলাপ করছিলেন বাবা মফিজুল ইসলাম। একরামুলের একমাত্র সন্তান ইরিনার বয়স চার মাস।