আর কাউকে যাতে লাশ হতে না হয়
পড়াশোনা শেষে তাপস পরিবারের হাল ধরবেন—এমন আশায় বুক বেঁধেছিল তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু লাশ হয়ে ফিরতে হলো তাঁকে। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে তাপসের মতো আর কাউকে যেন লাশ হতে না হয়। গতকাল শনিবার দুপুরে তাপস সরকার স্মরণে সংস্কৃত বিভাগের শোকসভায় তাঁর সহপাঠী ও শিক্ষকেরা এসব কথা বলেন।
তাপসের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া, তাঁর দুই ভাইকে বিশ্ববিদ্যালয়ের চাকরির ব্যবস্থা করা এবং বিভাগের সেমিনারকক্ষ তাঁর নামে নামকরণেরও দাবি জানান শিক্ষার্থীরা।
বক্তৃতা দিতে গিয়ে শিক্ষক, বিভাগের কর্মকর্তা ও তাপসের সহপাঠীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাপস সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ছিলেন।
সংস্কৃত বিভাগের ২২৫ নম্বর কক্ষে আয়োজিত শোকসভায় বক্তব্য দেন বিভাগের সভাপতি শান্তি রানী হালদার, কর্মকর্তা নাজিম উদ্দিন ও আনোয়ার হোসেন। তাপসের সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন অপু পাল, অমিত পাল, মনোয়ার হোসেন, রুবেল সরকার, রাজন পাল, সঞ্জয় দে প্রমুখ।
শান্তি রানী হালদার বলেন, ‘তাপস আমার বিভাগের নিয়মিত শিক্ষার্থী ছিল। তার মতো একজন সম্ভাবনাময় তরুণ এভাবে চলে যাবে, মানতে পারছি না। তার হত্যাকারীদের ফাঁসি হোক—এটাই আমাদের প্রাণের দাবি।’ তিনি বিভাগের সেমিনারকক্ষের নাম ‘তাপস স্মৃতি সেমিনারকক্ষ’ করার ব্যাপারেও আশ্বাস দেন।
১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে নিহত হন তাপস সরকার।
এদিকে তাপস হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মৌন মিছিল বের করা হয়।