আর কিছু করা সম্ভব নয়: তোফায়েল
যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহাল : যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা বাংলাদেশ কবে ফিরে পাবে তা এখনো নিশ্চিত নয়। বরং যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পর নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে। এর ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দিয়েছেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলেনি। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অবস্থান

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে যা যা দরকার, সবই করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমি তাদের পরিষ্কার বলে দিয়েছি যে জিএসপির জন্য আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। আবার নতুন কোনো শর্তও নেই তাদের। এখন তাদের মর্জির ওপর নির্ভর করছে বাংলাদেশকে তারা জিএসপি দেবে কি দেবে না।’
সবকিছুর পরও জিএসপি ফিরে না পাওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তোফায়েল। তিনি বলেন, ‘তাঁরা আমাকে বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) বৈঠকে বিষয়টি তোলা হবে। আর আমি তাদের বলেছি, টিকফা অর্থবহ হবে না, যদি না জিএসপি দেওয়া হয়।’
সচিবালয়ে গতকাল বুধবার সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) ৮ সদস্যের দলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।
সফররত দলের নেতৃত্ব দেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ইউএসটিআর মাইকেল জে ডিলানি। বাংলাদেশের দিক থেকে আরও ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং তিন অতিরিক্ত বাণিজ্যসচিব শওকত আলী ওয়ারেছী, অমিতাভ চক্রবর্তী ও জহির উদ্দিন আহমেদ।
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর জুনে বাংলাদেশের জন্য জিএসপি প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর জিএসপি ফিরে পেতে দেশটি ১৬ দফা কর্মপরিকল্পনা বেঁধে দেয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ওই কর্মপরিকল্পনা বাংলাদেশ বাস্তবায়ন করেছে। তারা স্বীকারও করেছে যে বর্তমানে পোশাক কারখানার শ্রমিকেরা নিরাপদে এবং কর্মবান্ধব পরিবেশে কাজ করছেন। এখন আর একটি ভবনে চার-পাঁচটি কারখানা নেই উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, জিএসপির জন্য বাংলাদেশ সবকিছু করেছে। স্থগিত জিএসপি ফিরে পেতে আর কোনো বাধা নেই। ইউএসটিআরের প্রতিনিধিদল চট্টগ্রামে ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) গিয়ে নিরাপদ পোশাক কারখানা ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপ দেখে সন্তোষ প্রকাশ করেছে।
বাণিজ্যমন্ত্রী জানান, একটি বিষয়েই তাঁদের আপত্তি রয়েছে। আর সেটা হচ্ছে ইপিজেডে ট্রেড ইউনিয়ন। আসলে ট্রেড ইউনিয়ন করার জন্য একটি কারখানার ৩০ শতাংশ শ্রমিক লাগে। অধিকার আদায়ে ইপিজেডে শ্রমিকদের ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউডব্লিউএ) রয়েছে। ইপিজেডে ট্রেড ইউনিয়ন করা যাবে না বলে শুরু থেকেই মালিকদের সঙ্গে সরকারের চুক্তি হয়েছিল।
তোফায়েল আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতে জিএসপি দেয় না। দেয় প্লাস্টিক, টোব্যাকো, সিরামিক, টেবিলওয়্যারের মতো কিছু পণ্যে, যার পরিমাণ ২ কোটি ৩০ লাখ ডলার। অথচ বাংলাদেশের বার্ষিক রপ্তানি এখন তিন হাজার ডলারেরও বেশি।
ইউএসটিআরের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী পরে মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেন। প্রধানেরা হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক মজিবুর রহমান, ট্যারিফ কমিশনের সদস্য আবদুল মান্নান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাফরুহা সুলতানা, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর কার্যালয়ের নিবন্ধক বিজনকুমার বৈশ্য। বাণিজ্যমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে সংস্থাগুলোর কাজের গতি ও জবাবদিহি বাড়বে।