আর কোনো এমএলএম কোম্পানি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘সীমান্ত হাট’-এর সংখ্যা আরও বাড়ছে। অন্তত ২৬টি স্থানে সীমান্ত হাট বসানোর বিষয়ে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে। ইতিমধ্যে আটটি স্থানে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নতুন করে কোনো বহু ধাপ বিপণন সংস্থাকে (এমএলএম কোম্পানি) নিবন্ধন দেওয়া হবে না। বর্তমানে যে পাঁচটি সংস্থা কাজ করছে, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে।
সীমান্ত হাট নিয়ে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ফেনীর ছাগলনাইয়ার পূর্ব মধুগ্রাম ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়ার কসবার তারাপুর ও পশ্চিম ত্রিপুরার কমলা সাগর সীমান্তে, মৌলভীবাজারের জুড়ী ও উত্তর ত্রিপুরার পালবস্তি সীমান্তে এবং কমলগঞ্জের কুরমাঘাট ও ভারতের কামালপুর সীমান্তে অচিরেই হাট চালু হবে।
বৈঠকে কার্যপত্র থেকে জানা যায়, ভারতের পক্ষ থেকে ২২টি স্থানে সীমান্ত হাট বসানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে চারটি স্থানে হাট বসানোর বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এগুলো হলো সিলেট ও মেঘালয়ের ভোলাগঞ্জ সীমান্তে, সুনামগঞ্জের সায়দাবাদ ও মেঘালয়ের নালিকাটা সীমান্তে, ময়মনসিংহের ভুইয়াপাড়া ও মেঘালয়ের শিববাড়ী সীমান্তে এবং সুনামগঞ্জের বাগানবাড়ি ও মেঘালয়ের রিংকু সীমান্তে।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি সীমান্ত হাট চালু আছে।
বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ ১৬টি শর্তই পূরণ করেছে। তবে তারা এখন কাউকেই জিএসপি সুবিধা দিচ্ছে না। অন্যান্য দেশকে দেওয়া হলে বাংলাদেশও এই সুবিধা পাবে।
তোফায়েল আহমেদ বলেন, দেশের তৈরি পোশাকশিল্প খাতে এখন আর কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তদন্তে ৯৮ শতাংশ ক্ষেত্রে পরিবেশকে ইতিবাচক বলা হয়েছে।