আর কোনো দিন ফোন করবেন না হাসানুর
‘রোববার সকাল আটটার দিকে ফোন করে আমাকে বলেছিলেন, “তুমি আমার জন্য দোয়া করো, আমি গাড়িতে আছি।” তাঁর সঙ্গে শেষ কথা এটুকুই। এর আগে ভোর পাঁচটার সময় নামাজ পড়ার জন্য ফোনে ডেকে দিয়েছিলেন। এভাবে প্রতিদিন অনেকবার ফোন করেন। আর কোনো দিন ফোন করবেন না।’
এসব বলে কান্নায় ভেঙে পড়েন হোসনে আরা শোভা (৩৪)। তিনি খাগড়াছড়ি সেনানিবাসে প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহি হাসানুর রহমানের স্ত্রী। গত রোববার এ দুর্ঘটনা ঘটে। দুপুরে ওই প্রশিক্ষণে থাকা এক বিজিবি সদস্য মুঠোফোনে তাঁদের দুর্ঘটনার খবর দেন।
গতকাল সোমবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভোরে হাসানুরের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া।
গতকাল তাঁদের বাড়িতে গিয়ে দেখা গেছে, অসংখ্য মানুষের ভিড়। পরিবারের সদস্যদের তাঁরা সান্ত্বনা দিচ্ছেন। পরিবারের সদস্যরা জানান, ২২ বছর আগে চাকরিতে যোগ দেন হাসান। ১৯ বছরের বিবাহিত জীবনে তাঁদের কোনো সন্তান নেই। বাবা বেঁচে নেই। বৃদ্ধ মা এবং অন্য দুই ভাইয়ের সঙ্গে যৌথ পরিবার তাঁদের।