আর কোনো আশরাফুল যেন হারিয়ে না যায়
আশরাফুল ইমাম ভূঁইয়া। বয়স ২৩। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। ঈদের ছুটিতে ঢাকায় ফিরে আসছিলেন। ২০ আগস্ট সিলেট থেকে ঢাকায় আসার পথে হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা যান এই মেধাবী ছাত্র। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন আশরাফুল। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সহপাঠী হারানোর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন আশরাফুলের ক্ষুব্ধ সহপাঠীরা। কালো ব্যানার ও প্ল্যাকার্ডে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ এবং নৌমন্ত্রীর চাপে অদক্ষ চালকদের লাইসেন্স না দেওয়ার দাবি জানান তাঁরা। নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মানববন্ধনে অংশ নেন। সিলেট মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক অপু জানান, শিক্ষক ও শিক্ষার্থীমহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন আশরাফুল। মানববন্ধনে আরও অংশ নেন কুমিল্লা জিলা স্কুলের আশরাফুলের বন্ধুরা।