গাজীপুরে মেয়েকে নিয়ে বাবার আত্মঘাতী হওয়ার ঘটনায় করা মামলার আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদী হালিমা খাতুন বারবার তাঁদের আট বছরের মেয়ের নিপীড়নকে আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করলেও মামলায় তার উল্লেখ নেই। পুলিশও তাঁর এ কথাকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এসব কারণে তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের কর্ণপুর সিটপাড়া গ্রামের হজরত আলী তাঁর পালিত মেয়ে আট বছরের আয়েশা আক্তারকে নিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মঘাতী হন। তাঁর স্ত্রী হালিমা খাতুন বারবারই অভিযোগ করছেন, মেয়েকে জোর করে জঙ্গলে নিয়ে নিপীড়ন করা হয়েছিল। জোর করে সাইকেল ওঠাতে গিয়ে শিশুটির পা গভীরভাবে কেটে গিয়েছিল। এসবের বিচার চেয়ে উল্টো হয়রানির শিকার হওয়ার কারণেই তাঁর স্বামী মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন।
গাজীপুরের এসপি হারুন অর রশীদ গতকাল বৃহস্পতিবার বলেন, ওই ঘটনায় নিয়মিত তদন্তের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরও পৃথক একটি তদন্ত কমিটি করেছে। এ ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে তাঁরা খুঁজে বের করবেন।
হালিমা খাতুন নিপীড়নের যে অভিযোগ করছেন, সে সম্পর্কে জানতে চাইলে এসপি বলেন, অভিযোগ থাকলে তো পুলিশের কাছে আসতে হবে। হালিমা জানুয়ারিতে জমি দখলের চেষ্টার অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন। পুলিশ সে ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে। শিশুটিকে নির্যাতনের অভিযোগ তিনি জানিয়েছিলেন ইউপি সদস্য আবুল হোসেন ব্যাপারীকে। কিন্তু কিছুই করেননি তিনি। এ জন্য তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
তবে গত মঙ্গলবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেছিলেন, তাঁরা তদন্ত করে দেখেছেন শিশুটিকে নিপীড়নের যে অভিযোগ হালিমা করেছেন, তা সঠিক নয়। তদন্তে এর কোনো সত্যতা মেলেনি।
আত্মঘাতী হওয়ার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলাটির তদন্ত করছেন রেল পুলিশের উপপরিদর্শক আলী আকবর। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, শিশুটি এর আগে নিপীড়নের শিকার হয়েছিল কি না, সেটি তাঁরা নিশ্চিত নন। ময়নাতদন্ত প্রতিবেদনও হাতে আসেনি।
ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজ মর্গের একটি সূত্র বলেছে, রেলের ধাক্কায় নিহত শিশুটির শরীরে অনেক ধরনের কাটা জখম থাকায় তারা পুরোনো কাটাগুলো শনাক্ত করতে পারেনি। আর আগে থেকে পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় নিপীড়নের বিষয়টি ময়নাতদন্তের সময় খতিয়ে দেখা যায়নি।
যোগাযোগ করা হলে মানবাধিকারকর্মী নূর খান বলেন, ‘এ ঘটনায় সংবাদমাধ্যমগুলো সরব হওয়ার পর পুলিশ নড়েচড়ে উঠেছে। আমার কাছে মনে হয়েছে, ঘটনাটি শুরু থেকে যতখানি গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত ছিল, পুলিশ তা করেনি। এখন মুখ রক্ষার জন্য কাজ দেখানোর চেষ্টা করছে। শিশুটিকে নিপীড়নের যে অভিযোগ হালিমা খাতুন শুরু থেকে করে আসছেন, সেটিকেও পাত্তা দিচ্ছে না পুলিশ।’