আর কোনো বেসরকারি মেডিকেল কলেজ নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আর কোনো বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হবে না। সবাই একমত হলে ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজ শর্ত না মেনেও সরকারের অনুমোদন পেয়েছে। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে চিকিৎসক-সংকট প্রকট। স্বাস্থ্য খাতে তিন হাজার ১২ জনের জন্য চিকিৎসক আছেন মাত্র একজন। এ সংকট দূর করতেই বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত থেকে সরকার পিছিয়ে এসেছে কি না, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রক্রিয়া এখনো সরকারের ‘চিন্তা’য় আছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনো মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আগে ওই কলেজের ছাত্র থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবে। সবাই একমত হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।সাংবাদিকেরা সমপ্রতি একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে ঔষধ প্রশাসন অধিদপ্তর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে যে বিজ্ঞাপন ছেপেছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। মন্ত্রী বলেন, সংসদীয় কমিটির প্রতিবেদন নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছিল। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর কোনো প্রতিষ্ঠানের পক্ষে এ রকম বিজ্ঞাপন না ছাপলেও পারত। আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস। এবার দিবসের প্রতিপাদ্য, ‘প্রবীণদের যত্ন নিন: স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসেন’। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ষাট ও ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ৬ দশমিক ৮ ভাগ। বাংলাদেশ একটি প্রবীণহিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান ইনস্টিটিউট ও ঢাকার বাইরে ৫২টি প্রবীণ নিবাস রয়েছে। তবে প্রবীণদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা অপ্রতুল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।