আর নির্বাচন ও রাজনীতি না করার চিন্তা রওশনের
নির্বাচন ও রাজনীতি আর না করার চিন্তা করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ। তিনি বলেন, ‘আগামীতে আর নির্বাচন করব না, পলিটিক্স করব না, এটাই চিন্তা করছি। যতটুকু আমার করার প্রয়োজন ছিল, আমি করে নিয়েছি।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রওশন এরশাদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। গত ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের পর গতকালই প্রথম জাপার কোনো অনুষ্ঠানে এরশাদ ও তাঁর স্ত্রী রওশন এরশাদ একত্র হলেন। মঞ্চে দুজন পাশাপাশি চেয়ারে বসেন।
রওশন এরশাদ ছাত্রসমাজের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে নির্বাচন হয়েছে। কিন্তু এ নির্বাচনটা কেন হলো, কীভাবে হলো, এর কী প্রয়োজন ছিল, তা তোমাদের বিশ্লেষণ করে দেখতে হবে। এ ব্যাপারে কোনো একসময় আলোচনা করব।’
এরশাদের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলে দাবি করেন রওশন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘তোমরা কি পার্টি ভাগ করার কিছু দেখেছ? তাহলে তোমাদের মনে এ প্রশ্ন কেন? আমি তো দলের কোনো ক্ষতি করিনি। উনি (এরশাদ) জেলে থাকাকালে একলা দল চালিয়েছি। নির্বাচনের পর উনি যখন লন্ডন গিয়েছিলেন, আমি পার্টি অফিস খুলে নিজে ঝাড়ু দিয়ে অফিস করেছি।’
এরপর রওশন এরশাদ বলেন, ‘নেতৃত্ব লিপিবদ্ধ করেন আল্লাহ। যদি আমার কপালে না থাকে, চেষ্টা করলেও আমি পাব না। আর আমি তো কিছু চাইও না। ...আমি তো ইলেকশনই করতে চাইনি। কিন্তু পরিস্থিতি এমন হলো যে আমাকে ইলেকশন করতে হলো। যাই হোক, এটা হয়তো আমার কপালের লিখন ছিল।’
স্ত্রীর বক্তব্যের প্রশংসা করে এরশাদ বলেন, ‘রওশন এরশাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।’
সম্মেলনে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও বক্তব্য দেন। এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, আবদুস সবুর, সাংসদ ফখরুল ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে এরশাদ ছাত্রসমাজের কমিটি গঠন করার জন্য সংগঠনের সমন্বয়কারী শাহ-ই-আজমের নেতৃত্বে আট সদস্যের একটি বাছাই কমিটি করে দেন।