আর ফেরেননি বাবা, লাশও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল আমিন
ছবি: সংগৃহীত

রুহুল আমিন পুলিশের সুবেদার পদে চাকরি করতেন। চট্টগ্রামের রাউজানের এ বাসিন্দা কুমিল্লার কর্মস্থলে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন। ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে কুমিল্লার বাসা থেকে তাঁকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। কারণ, তিনি পুলিশে কর্মরত বাঙালিদের নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। আগের দিন ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাদের তুমুল প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল তাঁর নেতৃত্বে।

রুহুল আমিনের বড় সন্তান এম কে এম আমিনুল ইসলাম তখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। বাবাকে ধরে নিয়ে যাওয়া ও ২৫ মার্চের সেই স্মৃতি তাঁর মনে এখনো ঝলঝলে।

মামুন সিদ্দিকীর সম্পাদিত ১৯৭১: কুমিল্লা পুলিশ লাইনস বইয়ে আমিনুল ইসলামের স্মৃতিচারণামূলক লেখায় রয়েছে সেই কথা—‘২৫ মার্চ রাত ১২টা। আমার আব্বা সবেমাত্র অফিস থেকে বাসায় এসে পোশাক খুলছিলেন। আমরা খাওয়াদাওয়া করেছি কি না জানতে চাইলেন। শৌচাগারে যাবেন, ঠিক তখনই অফিস থেকে এক সিপাহি উচ্চ স্বরে ডাকতে লাগলেন। সুবেদার স্যার তাড়াতাড়ি আসুন, আর্মি এসেছে। আব্বা প্রতি উত্তরে সিপাহিকে বললেন, তুমি ব্যারাকে যাও তাড়াতাড়ি। যারা ঘুমিয়ে পড়েছে তাদের ডেকে দাও। আমি আসছি। এ বলে আব্বা তাড়াহুড়া করে পোশাক পরে তাঁর অস্ত্রটি হাতে নিয়ে বেরিয়ে গেলেন। মা ও আমরা তিন ভাইবোন তাকিয়ে থাকলাম।

দরজা ফাঁক করে দেখলাম, আব্বা হুইসেল দিলেন এবং উচ্চ স্বরে বলতে লাগলেন, যে যেখানে আছ পজিশন নিয়ে বসে যাও। এর কিছুক্ষণ পর বাইরে প্রচণ্ড গুলির শব্দ শুরু হলো। বিদ্যুৎ চলে গেল। আম্মা আমাদের তিনজনকে নিয়ে খাটের নিচে শুয়ে পড়লেন। এভাবে ভোর হলো। কিন্তু ২৬ মার্চ দিনের বেলায় আব্বা ফেরেননি। ততক্ষণে পুরো পুলিশ লাইনস দখল করে নিয়েছে পাকিস্তানি বাহিনী। রাতে আব্বা পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকলেন।’

১৯৭১: কুমিল্লা পুলিশ লাইনস বইয়ে অন্য মুক্তিযোদ্ধার স্মৃতিচারণা থেকে জানা যায়, ওই রাতেই সুবেদার রুহুল আমিনের বাসা ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা। দরজায় কড়া নাড়তেই সুবেদার দরজা খুলে দিলেন। পুরো ঘর তছনছ করে তল্লাশি চালাল পাকিস্তানি সেনারা। ধরে নিয়ে গেল রুহুল আমিনকে। স্ত্রী সাফিয়া খানম ও ছেলেমেয়েরা কান্না করে অনেক অনুনয় করলেন। কিন্তু কার কথা কে শোনে।

পরদিন সকালে তাঁকে বাসায় নিয়ে আসে পাকিস্তানি সেনারা। নাশতা শেষে আবার নিয়ে গেল তারা। দুপুর ও রাতেও একইভাবে বাসায় খাওয়াদাওয়া করিয়ে পুলিশ লাইনসে নিয়ে যায়। বাসা থেকে প্রতিবার যাওয়ার সময় বিদায় নিয়ে যেতেন রুহুল আমিন।
রুহুল আমিনের স্ত্রী সাফিয়া খানমের বয়স এখন ৮০ বছর। থাকেন রাউজানের গ্রামের বাড়িতে। তাঁর স্মৃতিতে এখনো দিনগুলো দুঃখগাথা হয়ে আছে। সাফিয়া খানম জানান, ২৭ মার্চ দুপুরে পাকিস্তানি সেনারা তাঁকে (সুবেদার) নিয়ে এসে বাসার পেছনের রুমটিতে কী আছে জানতে চাইল। তখন জবাবে বললেন, সারভেন্ট রুম। ওটা ছিল আসলে অস্ত্রভান্ডার। তাঁকে ধরে ওদিকে নিয়ে গেল। চাবি খুঁজল। কিন্তু তিনি চাবি নেই বলে জানালেন। পরে তালা ভেঙে সেখানে ঢুকল পাকিস্তানি সদস্যরা। এরপর ২৮ তারিখ দুপুরে আবার বাসায় নিয়ে আসা হয় তাঁকে। এবার তাঁকে খুব চিন্তিত ও বিষণ্ন দেখাচ্ছিল। ভাত খেতে খেতে তিনি বললেন, ‘তোমরা পারলে গ্রামের বাড়িতে চলে যাও।’

কেন চলে যাব, জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেননি। পরে পাকিস্তানি সেনাদের সঙ্গে বেরিয়ে যান। এর পর থেকে আর ফেরেননি সুবেদার রুহুল আমিন। স্ত্রী সাফিয়া তিন ছেলেমেয়েকে নিয়ে কেবল অপেক্ষায় থাকতেন প্রতিদিন। পরিচিতজনদের কাছে খোঁজখবর নিয়েও কোনো সংবাদ মিলত না। এভাবে সুবেদার কোয়ার্টারে ৯ মাস কেটে যায়। আর ফেরেননি তিনি।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাময়িক সনদে মরহুম রুহুল আমিন লেখা রয়েছে। আবার একই মন্ত্রণালয়ের লাল মুক্তিবার্তার বেসামরিক গেজেটে শহীদ রুহুল আমিন (সেনাবাহিনী) লেখা রয়েছে। প্রকৃতপক্ষে তা হবে পুলিশ বাহিনী। আবার বেসামরিক গেজেট (নম্বর ৮৪০) শুধু রুহুল আমিন লেখা রয়েছে। অথচ চলতি বছরের ৪ জানুয়ারি কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদও এক প্রত্যয়ন দিয়েছেন, সুবেদার রুহুল আমিন ২৭ মার্চ পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন এবং শাহাদাতবরণ করেন।

কুমিল্লা পুলিশ লাইনসে ঢোকার সময় ‘চেতনা ৭১ ভাস্কর্য’ রয়েছে। তাতে অন্য শহীদদের সঙ্গে সুবেদার শহীদ রুহুল আমিনের নাম খোদাই করা রয়েছে।

বাবা শহীদের মর্যাদা না পাওয়ার আক্ষেপ নিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘বিজয় দিবস আসে। চারদিকে আনন্দ। কিন্তু আমরা আমার বাবার লাশটিও খুঁজে পেলাম না।

তারপরও খুশি, বাবা দেশের জন্য জীবন দিয়েছেন। কিন্তু দুঃখ হয়, বাবাকে এখনো শহীদের মর্যাদা দেওয়া হলো না। কেবল বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’