সীমিত আকারে বিটি বেগুন চাষের জন্য বাছাই করা কয়েকজন কৃষক বলেছেন, এ ধরনের বেগুন চাষ করে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিচিত দেশি জাতের বাইরে ভবিষ্যতে তাঁরা আর বিটি বেগুন চাষ করবেন না।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় বিটি বেগুনের চাষ ও বিপণন বন্ধের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা বলেন। পরিবেশ ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করে, এমন ১১টি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শর্ত ভঙ্গ করে বর্তমানে লেবেল (পরিচিতি) ছাড়াই এ ধরনের বেগুন বাজারে বিক্রি হচ্ছে। এটি যেমন স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে, তেমনি ইউরোপের বাজারে শাকসবজি রপ্তানির ক্ষেত্রেও ঝুঁকির আশঙ্কা রয়েছে। কারণ, সেখানে জিনগত পরিবর্তনের মাধ্যমে উৎপাদিত (জিএম) সব ধরনের খাদ্য নিষিদ্ধ।
গত জানুয়ারিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গাজীপুর, জামালপুর, পাবনা ও রংপুর এলাকার ২০ জন কৃষকের মধ্যে বিটি বেগুনের চারা বিতরণ করেন। এর মধ্যে সাতজন কৃষক গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ মন্ত্রণালয় থেকেও বিটি বেগুন চাষে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার পরও কৃষি মন্ত্রণালয়ের এ বেগুন চাষে অনুমতি দেওয়ার বিষয়টি রাজনৈতিক।