আর বিভক্তি দেখতে চাই না: সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা আর এ দেশে বিভক্তি দেখতে চাই না। অনেক হানাহানি হয়েছে, এখন আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুক্তিযুদ্ধে যেভাবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা চাই জাতি আবারও সেভাবে ঐক্যবদ্ধ হোক।’
গতকাল বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের ৪০ দিনের এ কর্মসূচি শেষ হলো।
জাতীয় শোক দিবস সর্বজনীন হবে—এমন আশার কথা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ছিলেন ঐক্যের প্রতীক। এবার ৯০ শতাংশ মানুষ শোক দিবস পালনে আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে। সামনে এমন এক দিন আসবে, যেদিন বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা একই সঙ্গে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ।
এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা আশা করি, একদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশে বিএনপির মহাসচিব, প্রধানমন্ত্রীর পাশে বিরোধীদলীয় নেতা দাঁড়িয়ে একসঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবে। ’