আর মহাজোটে থাকতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে দলের সমাবেশে ভাষণ দেন এইচ এম এরশাদ
রাজধানীতে দলের সমাবেশে ভাষণ দেন এইচ এম এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা আর মহাজোটে থাকতে চাই না। কর্মীরাও কেউ থাকতে চায় না। এবার আর কাউকে ক্ষমতায় আনার সিঁড়ি হব না। যা হয় কপালে, এককভাবে নির্বাচন করব।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর বনানী মাঠে দলের বৃহত্তর ঢাকা জেলার তৃণমূল নেতাদের সমাবেশে এরশাদ এসব কথা বলেন। সময়মতো মহাজোট থেকে বেরিয়ে আসার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।সমাবেশে তৃণমূলের একাধিক নেতা মহাজোট ছেড়ে আসতে এরশাদকে তাগাদা দেন এবং নানা বঞ্চনার কথা উল্লেখ করে গাজীপুর সিটি নির্বাচনে ১৮ দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।পরে এরশাদ অভিযোগ করেন, নির্বাচনের আসন বণ্টন থেকে শুরু করে গত সাড়ে চার বছরে সরকার জাতীয় পার্টির প্রতি অবিচার করেছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এত দিন জাতীয় পার্টিকে তাদের স্মরণে ছিল না। এখন তারা জাতীয় পার্টির কথা মনে করছে। এখন ডাকলে তো সাড়া পাবেন না।’এরশাদ বলেন, ‘সিঙ্গাপুরে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সমালোচনা হলো, সেখানে নাকি ষড়যন্ত্র হয়েছে। বিরোধীদলীয় নেতার সঙ্গে যদি দেখা করেও থাকি, তাহলে অন্যায় কী করেছি? আমিও রাজনীতি করি, উনিও রাজনীতি করেন। উনি আমার শত্রু নন, রাজনৈতিক প্রতিপক্ষ।’সরকারের উদ্দেশে এরশাদ বলেন, ‘ক্ষমতা ছাড়তে ভয় পান কেন? তত্ত্বাবধায়ক সরকার হলে জেলে যাবেন, এসব কথা কেন বলছেন? কারণ, ক্ষমতা ছাড়ার পরে বাড়িতে আগুন লাগবে, গুলি খেতে হবে, মরতে হবে। রাজনীতিতে এই কৃষ্টিও আপনারা সৃষ্টি করেছেন।’এরশাদ বলেন, ‘পত্রপত্রিকায় দেখছি, সরকারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এর প্রধান কারণ হচ্ছে টেন্ডারলীগ (ছাত্রলীগ), সরকারের অপশাসন, দুর্নীতি, নির্বিচারে মানুষ মারা, ড. ইউনূসকে হেনস্তা করা, জাতীয় পার্টিকে অবহেলা করা, পদ্মা সেতু, হল-মার্ক, শেয়ারবাজার কেলেঙ্কারি, শাহবাগ চত্বর সৃষ্টি, হেফাজতের ওপর হামলা।’ জাপার ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশিদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমেদ, আনিসুল ইসলাম মাহমদু প্রমুখ উপস্থিত ছিলেন।