আর মোস্ট ওয়েলকাম নয়, এবার গুডবাই!

‘তোদের মতো দেশদ্রোহীকে আমি ভালো হওয়ার জন্য মোস্ট ওয়েলকাম জানিয়েছিলাম, তোরা ভালো হসনি। তাই আর মোস্ট ওয়েলকাম নয়, এবার গুড বাই’—ছবি পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে চিত্রনায়ক এই ‘সিনেমাটিক’ হুঁশিয়ারি দিয়েছেন।
জাতীয় মেধাসম্পদ দিবস উপলক্ষে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক আলোচনা সভায় নিজের অভিনীত ‘মোস্ট ওয়েলকাম টু’ সিনেমার একটি সংলাপ অনুসরণ করে জলিল এই হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানটি আয়োজন করে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন’। সংগঠনটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্ত জলিল।
অনন্ত জলিল বলেন, ভিডিও পাইরেসিকে ‘গুডবাই’ বলে তাড়িয়ে দেবেন তিনি। পাইরেসি ঠেকাতে তিনি শিক্ষার্থী ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি পাইরেসি ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছেও কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি।
বেলা তিনটার পর পরই অনুষ্ঠান শুরু হয়। কলা ভবনের আশপাশে প্রচারণামূলক পোস্টারও লাগানো হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা আশপাশে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছিলেন। অনন্ত জলিল আসার পরই তাঁকে ঘিরে জটলার সৃষ্টি হয়। এ সময় রাজনীতিবিদদের বরণ করে নেওয়ার মতো স্লোগানও শোনা যায়।
অনন্ত জলিল বলেন, ‘বাংলাদেশে যে মুভিগুলো করা হয় তা কিন্তু একটা শ্রেণীর দর্শকের জন্য করা হয়। কারণ, হয়তোবা তাঁদের দিয়েও অনন্ত জলিলের মতো ভালো মুভি করা সম্ভব। কিন্তু পাইরেসির কারণে বিনিয়োগের টাকা রিটার্ন আসবে কি না সে রিস্ক নিতে চায় না।’
আক্ষেপ করে অনন্ত জলিল বলেন, ‘আমি যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, তখন টার্গেট ছিল বাংলাদেশের ইয়াং ও এডুকেটেড জেনারেশন হলে যাবে। কিন্তু হলে যখন মুভি চলে তখন তা পাইরেসি হয়ে যায়। মুভি যদি পাইরেসি হয়ে যায় তাহলে আজকের এই অনন্ত জলিল কালকে থাকবে না।’
অনন্ত জলিলের বক্তব্যের শেষ পর্যায়ে আসেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। আলোচনাসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন, ইনটেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ ভূঁইয়া প্রমুখ। পাইরেসি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।