আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ এ বছরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলতি বছরে দেশে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসকদের অবশ্যই গ্রামে অবস্থান করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ও আকবর ইউনিয়নের জন্য নবনির্মিত ১০ শয্যাবিশিষ্ট পৃথক দুটি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গ্রামের অবস্থা এখন আর তেমন নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বর্তমানে গ্রামে বিদ্যুৎ, জ্বালানিসহ শহরের মতো সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন চিকিৎসকদের গ্রামে থাকতে কোনো অসুবিধা হবে না। কাজেই তাঁদের শহরমুখী না হয়ে গ্রামমুখী হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্বসেবা, শিশু স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যতে সন্তান প্রসবকালে একটি মা-ও যেন মৃত্যুবরণ না করেন, অনাগত সন্তান যেন নিরাপদে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে, সে লক্ষ্যে সরকার প্রতিটি ইউনিয়নে মা ও শিশুকল্যাণ কেন্দ্র নির্মাণ অব্যাহত রেখেছে।
উপজেলার খিরশিন গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবারকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব কাজী মোস্তফা সারোয়ার। জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, সাংসদ ছলিমুদ্দিন তরফদার, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক যুগ্ম সচিব মলয় কুমার রায়, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ এ অনুষ্ঠানে বক্তব্য দেন।