আর ৩০ গজ ভাঙলেই বিলীন হবে বিদ্যালয়টি
আর মাত্র ৩০ গজ ভাঙলেই ব্রহ্মপুত্র নদের পেটে চলে যাবে সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামে অবস্থিত। ভাঙনে এ গ্রামের কিছু অংশ এরই মধ্যে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধের ব্যবস্থা না নেওয়ায় বিদ্যালয়ের শিক্ষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ে সাতজন শিক্ষক ও ২৩৭ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ের বর্তমান আধাপাকা টিনশেড ভবনটি দুই বছর আগে নির্মাণ করা হয়েছে। এখানে ৩৭ জোড়া বেঞ্চ ও অন্যান্য আসবাব রয়েছে। এ ভবনটি বিলীন হলে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হবে। সূত্রটি আরও জানায়, গত বছর বিদ্যালয় থেকে ব্রহ্মপুত্র নদের দূরত্ব ছিল প্রায় আধা কিলোমিটার। এক বছর ধরে ভাঙন অব্যাহত থাকায় বিদ্যালয়ের ভবনটি এখন নদের তীর থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান, বিদ্যালয় ভবনটি রক্ষার জন্য উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলার চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুল আলম জানান, বিদ্যালয়টি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে। পাউবোর গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন জানান, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় ভাঙন রোধে আড়াই কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় সিংড়িয়া গ্রামে অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে। এতে বিদ্যালয়টি রক্ষা পাবে।