পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও আওতাধীন সারা দেশের ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) পুনর্গঠন করা হচ্ছে। কাজের ব্যাপ্তি, গুণমান ও গ্রাহকসেবা বাড়ানো এবং দুর্নীতি-অব্যবস্থাপনা নিরসনই হচ্ছে এর লক্ষ্য। আরইবির সূত্র বলেছে, দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ বিতরণ সংস্থাটির পুনর্গঠন পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন শুরু হবে বাস্তবায়ন। তবে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে একটি সংশোধিত অধ্যাদেশ জারি করতে হবে। পবিসগুলোর পুনর্গঠন আরইবিই করতে পারবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, সংস্থাটির কাজে আরও গতিশীলতা আনা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গ্রাহকসেবার মান বাড়ানোই পুনর্গঠনের উদ্দেশ্য। পবিসগুলো পুনর্গঠনের কাজ চলতি মাসেই শুরু করা হবে। আর আরইবির পুনর্গঠন অধ্যাদেশ জারির ওপর নির্ভরশীল।পুনর্গঠন কেন: দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব নিয়ে ১৯৭৭ সালে আরইবি কাজ শুরু করে। লক্ষ্য ছিল যাত্রা শুরুর পরবর্তী ২৫ বছরের মধ্যে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। এরপর সে সময়সূচি আরও পেছানো হলেও লক্ষ্য অর্জন এখনো অনেক দূরে। তবে বর্তমানে দেশের সর্বমোট এক কোটি ৪০ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে ৯২ লাখেরও বেশি গ্রাহক আরইবির।শুরুতে স্বচ্ছতা ও গ্রাহকসেবাসহ কর্মপদ্ধতির দিক দিয়ে আরইবি দেশে, এমনকি বাইরের অনেক দেশের জন্য আদর্শস্থানীয় হয়ে ওঠে। কিন্তু প্রতিষ্ঠান বড় হওয়ার সঙ্গে সঙ্গে এসব ক্ষেত্রে কিছু দুর্বলতাও স্পষ্ট হয়ে ওঠে। প্রাতিষ্ঠানিক কেনাকাটা এবং লাইন সম্প্রসারণ, নতুন সংযোগ প্রদান, মিটার-ট্রান্সফরমার স্থাপন এসব কাজে দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠতে থাকে। ক্রমে কমতে থাকে উন্নয়ন প্রকল্প। এই প্রেক্ষাপটে বিশ্বব্যাংক আরইবিকে সংস্কারের মাধ্যমে একটি কোম্পানি করার পরামর্শ দেয়। এ ব্যাপারে পরামর্শক নিয়োগ করে একটি প্রতিবেদনও তৈরি করা হয়। তবে আরইবি এবং সরকার ওই প্রতিবেদনের ব্যাপারে ভিন্নমত পোষণ করে নিজেরা একটি পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করে। কী করা হবে: স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর জন্য আরইবির পরিচালনা বোর্ডে বাইরের সদস্য দুজন বাড়ানো হবে। এখন নয় সদস্যের বোর্ডে আছেন আরইবি ও বাইরের চারজন করে সদস্য এবং চেয়ারম্যান। বাইরের আরও দুজন সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের একজন অধ্যাপক এবং পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালককে যুক্ত করা হবে। বোর্ডে প্রকৌশলীদের প্রাধান্য থাকবে।প্রধান কার্যালয়ে বর্তমানের একজনের জায়গায় দুজন প্রধান প্রকৌশলী, একজন অতিরিক্ত নিয়ন্ত্রক ও একজন অতিরিক্ত নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে। সারা দেশকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে একটি করে আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে। নবনিযুক্ত আটজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী এই কার্যালয়গুলোর প্রধান হবেন। তাঁদের অধীনে প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে দুজন করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও তিনজন পরিচালক থাকবেন।পবিসগুলোকে দুই শ্রেণীতে (এ এবং বি) ভাগ করা হবে। ‘এ’ শ্রেণীতে মহাব্যবস্থাপকেরা হবেন তত্ত্ব্বাবধায়ক প্রকৌশলীর সমমর্যাদার। এই শ্রেণীর পবিসে একজন করে অতিরিক্ত মহাব্যবস্থাপক নিয়োগ করা হবে। এ ছাড়া শ্রেণীনির্বিশেষে ৭০টি সমিতিতেই একজন করে উপমহাব্যবস্থাপক নিয়োগ করা হবে। পবিসগুলোতে নতুন কিছু পদও যুক্ত হবে। অতীতে যাঁরা বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন, তাঁদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।গ্রাহকসেবা বৃদ্ধি ও অন্যান্য: কাঠামোগত এসব সংস্কারের পাশাপাশি গ্রাহকদের সুবিধার জন্য চলতি মাস থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন তথ্যকেন্দ্র, মুঠোফোনের খুদে বার্তা এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিল দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে।এ ছাড়া দুর্নীতি কমানোর জন্য অনলাইনে নতুন সংযোগের আবেদন করা (ইতিমধ্যে সাভারে শুরু করা হয়েছে); অনলাইনে দরপত্র আহ্বান ও গ্রহণ; তথ্যপ্রযুক্তির সাহায্যে গুদাম ব্যবস্থাপনা চালু করা হচ্ছে।বিদ্যুৎ বিতরণের ক্ষমতা বাড়ানোর জন্য ১৫০টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ৮০টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এর ফলে আরইবির বিদ্যুৎ বিতরণের ক্ষমতা প্রায় পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। বর্তমানে আরইবির আওতাভুক্ত এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা তিন হাজার ৪০০ মেগাওয়াট। তবে বিতরণের ক্ষমতা তিন হাজার মেগাওয়াটের কম।