আরএফএলের ড্রিংকইট-এর মোড়ক উন্মোচন
হবিগঞ্জে আরএফএলের পানি বিশুদ্ধকরণ ফিল্টার ‘ড্রিংকইট’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আধুনিক স্টেডিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ আবু জাহির। পাশাপাশি উপস্থিত ছিলেন আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ফিল্টার ড্রিংকইট-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকসের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান বলেন, ঢাকা ও চট্টগ্রামের পর এবার হবিগঞ্জে ‘ড্রিংকইট’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সাশ্রয়ী মূল্যে জনগণের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ড্রিংকইট-এ রয়েছে চার স্তরবিশিষ্ট পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। আর যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে নেদারল্যান্ডসের ন্যানো টেকনোলজি। ফলে ড্রিংকইট ব্যাকটেরিয়া, টারবিডিটি, প্রোটোজোয়া, লৌহজাতীয় পদার্থ ও ভারী ধাতু দূর করে পানিকে পরিপূর্ণ বিশুদ্ধ করে। এটি ব্যবহারে বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজন নেই।
আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী বলেন, পণ্য কেনার সময় কোয়ালিটির ক্ষেত্রে তিনি কখনোই আপস করেন না। আরএফএলও তার পণ্যের গুণাগুণের ক্ষেত্রে কখনোই আপস করে না। তাই তিনি সব সময় আরএফএলের পণ্য ব্যবহার করেন।
এর আগে বিকেল চারটা থেকে স্টেডিয়ামে প্রাণ ফ্রুটোর সৌজন্যে আয়োজন করা হয় এক বিশেষ কনসার্টের। বেলা আড়াইটার পর থেকে বিপুলসংখ্যক দর্শক কনসার্ট উপভোগ করতে স্টেডিয়ামে জড়ো হন। এতে সংগীত পরিবেশন করেন রিংকু, সজলসহ জনপ্রিয় শিল্পীরা। সন্ধ্যা সাতটায় মঞ্চে আসেন সংগীতশিল্পী মমতাজ।