রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি আরএমও ফরিদুল ইসলাম অন্যত্র বদলি হয়ে যান। পরে এক বছর সাত মাস পেরিয়ে গেলেও সেখানে আর আরএমও নিয়োগ দেওয়া হয়নি। এ বছরের ২৭ জুলাই টিএইচও মনোয়ারা বেগম পদোন্নতি পেয়ে চলে যান। পরে টিএইচওর দায়িত্ব দেওয়া হয় হাসপাতালের কনসালট্যান্ট (মেডিসিন) নারায়ণ চন্দ্র সরকারকে। তিনি ১৭ আগস্ট ১৫ দিনের ছুটি নিয়ে দেশের বাইরে যান। এরপর ওই পদে দায়িত্ব নেন কনসালট্যান্ট (গাইনি) সাবিনা নাজনীন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আরএমও ফরিদুল অন্যত্র বদলি হওয়ার পর এক বছর ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন পর্যায়ক্রমে মেডিকেল কর্মকর্তা হেমন্ত রায়, সাদিকুর রহমান ও তৌফিক আহম্মেদ। তাঁরা তিনজনই ২০১৬ সালের জানুয়ারির মধ্যে বদলি হয়ে যাওয়ার পর ওই পদে আর কেউ দায়িত্ব নেননি। তখন থেকে আরএমও ছাড়াই চলছে হাসপাতাল।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক মো. মর্তুজার রহমান বলেন, আরএমও হচ্ছেন হাসপাতালের প্রাণ। কারণ, তাঁকেই রোগীর খাবার, ওষুধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের দায়িত্ব বণ্টনসহ নানা বিষয় দেখতে হয়। অথচ সেই পদটি এক বছর সাত মাস ধরে শূন্য। এ ছাড়া টিএইচও না থাকায় প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকদের বেতন ও উৎসব ভাতায় স্বাক্ষর নিতে সিভিল সার্জনের কাছে যেতে হচ্ছে।
গত রোববার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দায়িত্বপ্রাপ্ত টিএইচও সাবিনাকে তাঁর কক্ষে রোগী দেখতে দেখা যায়। তিনি বলেন, ‘ভাই, সকাল থেকে ২৫-৩০ জন রোগী দেখলাম। এখনো অনেক রোগী বাইরে লাইন ধরে অপেক্ষা করছেন। ফাঁকে অফিশিয়াল কাগজপত্রে স্বাক্ষরও করতে হচ্ছে। বাড়তি দায়িত্ব নিয়ে যন্ত্রণায় পড়েছি। এখানে জরুরিভাবে টিএইচও নিয়োগ দেওয়া দরকার।’
রোববার দুপুরে ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। ছয় দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন বিষ্ণুপুর ইউনিয়নের বজুরুক হাজিপুর গ্রামের ছাবেদ আলী। তিনি বলেন, ‘চিকিৎসক সারা দিনে-রাতে একবার আসি তড়ং তড়ং (ঝটপট) করি রোগী দেখে। আর কেউ আইসে না। এখানে ওষুধ পাওয়া যায় না। সব ওষুধ বাইর থাকি কিনবার নাগে।’ তাঁর মতো একই অভিযোগ করেন সেখানে ভর্তি ওসমানপুর খিয়ারপাড়া গ্রামের এসমোতারা, দক্ষিণ রামনাথপুর হিন্দুপাড়া গ্রামের পূর্ণিমা রায়, শংকরপুর মণ্ডলপাড়া গ্রামের তাজকিরা, সাহেরা বেগমসহ অনেকে।
ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার বই ঘেঁটে দেখা যায়, ৩১ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৩ জন। এর মধ্যে মহিলা ওয়ার্ডে ৩৫, পুরুষ ওয়ার্ডে ২৮ জন।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ নার্স বলেন, ‘টিএইচও ও আরএমও যদি না থাকে, তাহলে হাসপাতাল ভালো করে চলবে কেমন করি। সবাই ইচ্ছেমতো হাসপাতালে আসে-যায়। এখন অনেক চিকিৎসক হাসপাতালে বসে থাকেন। আর রোগী দেখেন উপসহকারী মেডিকেল কর্মকর্তারা (সেকমো)। এমনকি জরুরি বিভাগও চালান তাঁরা।’
রংপুরের সিভিল সার্জন জাকিরুল ইসলাম গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘দ্রুত সেখানে টিএইচও দেওয়া হবে। তবে সেখানে আরএমও হিসেবে কেউ যেতে চান না।’