প্রায় পাঁচ মাস ধরে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ছাড়াই চলছে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে সেখানে প্রায় দেড় বছর ধরে আরএমওর পদ শূন্য রয়েছে। এতে হাসপাতালের চিকিৎসাসেবাসহ প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা, চিকিৎসকদের দায়িত্ব বণ্টন ও তদারকি, ভর্তি থাকা রোগীদের খাবারের মান যাচাই করাসহ প্রশাসনিক যাবতীয় কাজ করে থাকেন আরএমও। এ কারণে বিধিমোতাবেক আরএমওকে ২৪ ঘণ্টা হাসপাতালে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হয়। ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফরিদুল ইসলামকে গত বছরের ৫ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। পরদিন ৬ জানুয়ারি ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সহকারী সার্জন হেমন্ত রায় চৌধুরীকে। তিনি তিন মাস দায়িত্ব পালন করার পর ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ওই পদ থেকে সরে যান। এরপর আরেক সহকারী সার্জন সাদিকুর রহমানকে আরএমওর দায়িত্ব দেওয়া হয়। তিনিও মাস তিনেক দায়িত্ব পালন করার পর গত বছরের ৩১ জুন ব্যক্তিগত সমস্যা দেখিয়ে ওই পদ ছেড়ে দেন। পরে ১ জুলাই আরএমওর পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন সহকারী সার্জন তৌফিক আহম্মেদ। দায়িত্বে অবহেলার কারণে ৭ সেপ্টেম্বর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই দিনই সাদিকুর রহমানকে আবারও আরএমওর দায়িত্ব দেওয়া হয়। এরপর সাদিকুর চলতি বছরের ১৪ মার্চ তিন মাসের জন্য চিকিৎসা-সংক্রান্ত এক প্রশিক্ষণে যাওয়ার পর থেকে আর কোনো চিকিৎসক আরএমওর পদে দায়িত্ব নিতে রাজি হননি। এ কারণে তখন থেকে আরএমও ছাড়াই চলছে স্বাস্থ্য কমপ্লেক্স।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে সাদিকুর সম্প্রতি হাসপাতালে ফিরে এলেও তিনি আরএমওর পদে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে সম্প্রতি চিকিৎসক সাদিকুর বলেন, ‘আরএমওর পদটি একটি দায়িত্বশীল পদ। এ পদে থেকে বাড়তি সুযোগ-সুবিধা পাওয়া যায় না, শুধু টেনশন। এ কারণে আমি ওই পদে আর দায়িত্ব নিতে চাই না।’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘আরএমও না থাকায় হাসপাতালে অনেক সমস্যা হচ্ছে। এ পদে কোনো চিকিৎসক অতিরিক্ত দায়িত্ব নিতেও রাজি হচ্ছেন না। কারণ, তাতে বাড়তি কোনো সুবিধা নেই। হাসপাতালে স্থায়ীভাবে আরএমও চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক পত্র দিয়েছি। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।’