আরএমওর কক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যানের তালা
চট্টগ্রামের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) কক্ষে সরকার-সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর বিকেলে হাসপাতালে গিয়ে তিনি আরএমওকে না পেয়ে তাঁর কক্ষে তালা দেন। তবে ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী ঘটনাটি অস্বীকার করেছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আরএমও কফিল উদ্দিন গত শনিবার কাজে যোগ দিতে হাসপাতালে আসেন। কিন্তু কক্ষে তালা থাকায় তিনি ঢুকতে পারেননি। পরে বাধ্য হয়ে তিনি ছুটি নিয়ে চলে যান।অভিযোগ পাওয়া গেছে, রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা তিমিরের পছন্দ অনুযায়ী ল্যাবে না পাঠানোয় আবাসিক কর্মকর্তার ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। এ কারণে হাসপাতালে এসে কফিলকে না পেয়ে তিনি তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন।অবশ্য তিমির বরণ অভিযোগ অস্বীকার ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমি আরএমওর কক্ষে তালা দিইনি। আরএমও ঠিকমতো রোগী দেখেন না। স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত থাকেন। বৃহস্পতিবার কর্মস্থল ত্যাগ করে শনিবার অফিসে আসেন। এ জন্য আমি তাঁকে বদলির হুমকি দিয়েছি।’আরএমও কফিল বলেন, ‘শুক্রবার সরকারি বন্ধ ছিল। তার পরও আরএমও হিসেবে আমি ওই দিন কর্মস্থল ত্যাগের আগে থানা স্বাস্থ্য কর্মকর্তার অনুমোদন নিয়েছি। ওই দিন নাকি ভাইস চেয়ারম্যান তিমির বাবু আমাকে খোঁজ করেছেন। আমাকে না পেয়ে তিনি আমার কক্ষে তালা ঝুলিয়ে দেন।’আরএমও দাবি করেন, ‘গত ৭ আগস্ট আমি এখানে যোগ দেওয়ার পর রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই করা নিশ্চিত করি। রোগীদের অহেতুক পরীক্ষা-নিরীক্ষা দেওয়া বন্ধ করে দিই। এতে কোনো কোনো প্যাথলজির মালিক ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিষয়টি সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিক উদ্দীন আহমেদ বলেন, ‘আরএমওর কক্ষে তালা দেওয়ার বিষয়টি আমি সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আরএমওর বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যানের অভিযোগ সত্য নয়। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন।’