মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান টাকার বিনিময়ে একটি চিকিৎসা সনদে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিঙ্গাইর উপজেলার চন্দননগর গ্রামের নজর আলী গতকাল রোববার মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে ওই অভিযোগ করেন।
নজর আলীর ওপর হামলা মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ আগস্ট ভোরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় মো. মোকলেছ, বাদশা মিয়া, সায়েদুর রহমান, ছবেদ আলী ও আবদুল হক নজর আলীর ওপর হামলা চালান। এতে তাঁর মাথার ডান ও বাঁ পাশে ও পিঠে গুরুতর জখম হয়।
ওই দিন রাতে নজর আলীর ছেলে সিরাজুল ইসলাম প্রতিপক্ষের ওই পাঁচজনকে আসামি করে সিঙ্গাইর থানায় অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।
গতকাল সংবাদ সমেঞ্চলনে নজর আলী বলেন, গত ২৫ আগস্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় চিকিৎসা সনদের জন্য আরএমও আবদুল মালেক তাঁর কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। রাজি না হওয়ায় আরএমও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর ওই দিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি উপজেলার একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা নেন। দুই মাস পর গত ৩০ অক্টোবর তাঁকে চিকিৎসা সনদ দেন আরএমও।
নজর আলী অভিযোগ করেন, তিনি ধারালো অস্ত্রে গুরুতর জখম হলেও চিকিৎসা সনদে আঘাত সামান্য বলে উল্লেখ করা হয়। এ ছাড়া আসামিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে আরএমও সনদে উল্লেখ করেন, তিনি ১১ থেকে ২৫ আগস্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অথচ তাঁর ওপর হামলা হয় ১২ আগস্ট এবং ওই দিনই তিনি সদর হাসপাতালে ভর্তি হন।
আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে আরএমও আবদুল মালেক খান বলেন, হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রি খাতা অনুযায়ী জখমের ধরন সনদে উল্লেখ করা হয়েছে। ভুলবশত ১২ আগস্টের পরিবর্তে ১১ আগস্ট উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার বলেন, ভুল সনদ দেওয়ার অভিযোগে সদর হাসপাতালের কনসালট্যান্ট সার্জারি বিভাগের চিকিৎসক মেহতাব উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।