লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. খোরশেদ আলমের বিরুদ্ধে চিকিৎসকদের ওপর হামলার প্ররোচনা, প্রাণনাশের হুমকিসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।জানা গেছে, গত ২৪ মার্চ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) লক্ষ্মীপুর জেলা শাখার জরুরি সভা হয়। সভায় বক্তারা সদর হাসপাতালে সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে খোরশেদ আলমকে অন্য হাসপাতালে বদলিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।জেলা বিএমএর সভাপতি জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আরএমও খোরশেদ আলমের বিরুদ্ধে চিকিৎসকদের লাঞ্ছিত করা, হুমকি দেওয়া এবং টাকার বিনিময়ে মিথ্যা চিকিৎসা সনদ দেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে। জনস্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিদপ্তরের পরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, গত ২১ মার্চ খোরশেদ আলমের প্ররোচনায় বহিরাগত সন্ত্রাসীরা জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাসেল চৌধুরীর ওপর হামলা চালায়।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় তাঁদের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। আসলে ঈর্ষান্বিত হয়ে সহকর্মীরা আমার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা যেসব অভিযোগ করছেন, তা সত্য নয়।’লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম সালাহ উদ্দিন শরীফ বলেন, ‘খোরশেদ আলমের বিষয়টি আমার নজরে আছে।’