আরএসও নেতাসহ পাঁচজনকে আবার রিমান্ডে নিতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের শীর্ষ দুই নেতাসহ পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাঁদের আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।
২৩ নভেম্বর বেলা পৌনে একটায় জঙ্গি সন্দেহে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতা এবং পাকিস্তানের এক নাগরিকসহ পাঁচজনকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ আটক করে। আটক পাঁচ ব্যক্তিরা হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ (৪৫) ও সহসভাপতি মো. শফিউল্লাহ (৪০), পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), মোহাম্মদ আমিন (৫০) ও সৌদিপ্রবাসী রোহিঙ্গা আবদুল মজিদ।
জঙ্গি সন্দেহে আটক ওই পাঁচ ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৪ নভেম্বর পাঁচ দিনের রিমান্ডে নেয় নগর গোয়েন্দা পুলিশ। গতকাল তাঁদের রিমান্ডের মেয়াদ শেষ হয়। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক দিন এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে, তা জানা যায়নি। তবে চট্টগ্রামের পুলিশ জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পেয়েছে, যা যাচাই করে দেখা হচ্ছে বলে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আমরা ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। ঢাকা নগর পুলিশের গোয়েন্দারা তাদের মামলার স্বার্থে আরএসও নেতাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এবার আমরা জিজ্ঞাসাবাদ করব। এ জন্য পাঁচজনকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করেছি আমরা।’
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া পাঁচজনের কাছ থেকে কিছু তথ্য আমরা পেয়েছি। তথ্যগুলো যাচাই করে দেখা হচ্ছে। এ ছাড়া তাদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।’
সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীন আরকান রাষ্ট্র গঠনের জন্য আরএসও প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে তাঁরা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখছেন। এই সংগঠনের সভাপতি সালামত উল্লাহ ও সহসভাপতি মো. শফিউল্লাহ এবং পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম রয়েছেন। শফিউল্লাহ নব্বইয়ের দশকে চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন। সেই সময় তিনি মহানগর ছাত্রশিবিরের উপপ্রচার সম্পাদক ছিলেন। পরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। সর্বশেষ গত ২৩ মার্চ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে হেরে যান। তিনি আওয়ামী লীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার প্রচার ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।