আরও অনেক নেতা বেরিয়ে আসবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি থেকে বিবেকবান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আরও অনেক নেতা বেরিয়ে আসবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী দলটি থেকে পদত্যাগের ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে এ বক্তব্য এল।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সভায় মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভা সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে এ সভা হয়।
সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন যে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি অনাস্থা জ্ঞাপন করে, হতাশা ব্যক্ত করে আজ (গতকাল) বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী পদত্যাগ করেছেন। আমার বিশ্বাস, বিএনপির মধ্যে এখনো যাঁরা বিবেকবান মানুষ আছেন, যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাঁরা প্রত্যেকেই এই দল থেকে বেরিয়ে আসবেন। খালেদা জিয়া-তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজাবেন। তখনই কেবল বিএনপি মানুষের আস্থা অর্জন করতে পারবে। সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারী বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য আমরা তাঁকে স্বাগত ও অভিনন্দন জানাই।’
বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী গতকাল রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ব্যক্তিগতভাবে কেউ হত্যা করলে এর দায় তাঁকেই নিতে হবে, বিএনপি নেবে না—বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের বিষয়ে হানিফ বলেন, ‘আমরা তাঁকে জিজ্ঞাসা করতে চাই, কাইয়ুম সাহেব ব্যক্তিগতভাবে কেন সেখানে হত্যা করতে যাবে? নজরুল সাহেব দায় নেবেন না বললেও বাংলাদেশের আইন ও জনগণ মনে করে, এ দায় থেকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মুক্তি পাওয়ার সুযোগ নেই।’
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা ঢাকা মহানগর আওয়ামী লীগের কোনো না কোনো পদে আছেন। মহানগরের নতুন কমিটি গঠন হতে যাচ্ছে। এই কমিটিতে আমরা মেয়র, কাউন্সিলর যারা আছি, আমরা এই কমিটিতে মূল্যায়ন পেতে চাই।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জনসভায় শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, যাঁরা হত্যা-খুন পছন্দ করেন না, সেই সব অরাজনৈতিক ব্যক্তিকেও আসার আহ্বান জানান।