আরও আট দিন ক্লাস না নেবেন না শিক্ষক নেতারা!
১১ এপ্রিল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কোনো ধরনের ক্লাস নেবে না। তবে পূর্বঘোষিত চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা যেকোনো বিভাগ চাইলেই নিতে পারবে। এ ক্ষেত্রে পরীক্ষাকে আন্দোলনের বাইরে রাখা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান মুহম্মদ আহসান উল্যাহ উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষকদের এ কথা বলেন। গত ২৭ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে চারটি বিভাগের ১৫টি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জানা যায়, ২৭ মার্চ শিক্ষকদের পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ, পারিতোষিক বণ্টন নীতিমালা ও খণ্ডকালীন শিক্ষকদের সম্মানী ভাতা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করে। এর পর থেকে গতকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম অচল ছিল। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সকাল সাড়ে ১০টায় উপাচার্য আমির হোসেন খানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বৈঠক হয়। বৈঠকে উপাচার্য ৯ এপ্রিল শিক্ষকদের পদোন্নতির বিষয়টি বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন। উপাচার্যের এ আশ্বাসে শিক্ষক নেতারা আশ্বস্ত হতে না পেরে ১১ এপ্রিল পর্যন্ত ক্লাস না নেওয়ার ঘোষণা দেন। তবে কোনো বিভাগ চাইলে কেবল চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম রায়হান উদ্দিন বলেন, ৯ এপ্রিলের মধ্যে দাবি না মানলে ১৫ এপ্রিল দুপুরে সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, শিক্ষকদের আন্দোলন ও হরতালের কারণে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ছয়টি, হিসাববিজ্ঞান বিভাগের পাঁচটি, লোকপ্রশাসন বিভাগের তিনটি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একটি পরীক্ষা হয়নি। উপাচার্যের সঙ্গে শিক্ষকদের বৈঠক হয়েছে। তিনি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।