আরও আট মামলায় ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গত সোমবার ও গতকাল মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামে বহু ধাপের কথিত বিপণন কোম্পানি ইউনিপেটুইউর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আরও আটটি মামলা হয়েছে। এসব মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকায় একজন ও চট্টগ্রামে সাতজন পৃথক আটটি মামলা করেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ও চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত সোমবার রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুরের বাসিন্দা জাহানারা মাসুদ মামলা করেন। গতকাল অধিকতর শুনানি শেষে আদেশ দেন। এই মামলার আসামিরা হলেন ইউনিপেটুইউর চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেইন, ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, মহাব্যবস্থাপক জামশেদুল আলম, পরিচালক (অর্থ) এম এ তাহের, পরিচালক (প্রশাসন) এম এ মুকিম, পরিচালক সাখাওয়াত হোসেন, মনজুর হাসান, মেজর (অব.) খন্দকার মুহিত আল মাহমুদ ও প্রধান এজেন্ট মিনহাজুর রহমান। তাঁদের মধ্যে মুনতাসির হোসেইন, জামশেদ ও খন্দকার মুকিত আল মাহমুদ পৃথক মামলায় কারাগারে আটক আছেন।মামলার আরজিতে বলা হয়, আসামিরা অভিযোগকারিণীর কাছ থেকে ১১টি কিস্তিতে দুই লাখ ১২ হাজার ১০০ টাকা করে ২৩ লাখ ৩৩ হাজার ১০০ টাকা ও সাতটি আইডি কার্ডের প্রতিটির বিপরীতে আট হাজার ৪০০ টাকা গ্রহণ করেন। কোম্পানির দেওয়া অঙ্গীকার অনুযায়ী ওই টাকার ২৩ শতাংশ লাভসহ ৪৬ লাখ ৩৪ হাজার ৩৮৫ টাকা পাওনা হন। কিন্তু আসামিরা পাওনা টাকা পরিশোধ না করে তা আত্মসাৎ করেন। অন্যদিকে চট্টগ্রামের আদালত সূত্র জানায়, সাত গ্রাহকের করা পৃথক সাতটি মামলায় ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ এজাহারভুক্ত আসামির সংখ্যা ৫২ জন। একাধিক মামলায় আটজনের নাম বারবার এসেছে। সেই হিসেবে প্রকৃত আসামির সংখ্যা ১২ জন। আদালত সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে ১০ মাসে দ্বিগুণ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২৫ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন মোট নয় কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। তাঁরা হলেন নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার আবদুল লতিফহাট লেইনের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী আনোয়ারা বেগম ও দেলোয়ারের ভাই মনোয়ার হোসেন। সাত মামলার আসামিরা হলেন ইউনিপেটুইউর চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন ইমন, মহাব্যবস্থাপক জামশেদুল আলম, চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক হামিদুল হক মানিক, ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন, এজেন্ট রাশেদুল বারী শিবলু, জাফর আলম, সাজেদুল বারী, মিনহাজুর রহমান, ইউসুফ আলী, জসিম উদ্দিন ও রাজীব দাশ।