সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাঁদের সবাইকে ছাত্রলীগের কর্মী-সমর্থক দাবি করে শাখা ছাত্রলীগ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফলে অনুত্তীর্ণ হয়ে ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই আটজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই অভিযোগে গত ২৩ জানুয়ারি তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সূত্র জানিয়েছে, গত সোমবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আট শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ সংবলিত নোটিশ জারি করেছে। তাঁদের দুই থেকে তিন বছর মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছয় মাসের জন্য আরও ১২ জন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি কেড়ে নেওয়া হয়েছে।বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন: ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী চন্দন বৈদ্য, মওদুদ আহমেদ, অনিরুদ্ধ সাহা; কৃষি অনুষদের শিক্ষার্থী সৌরভব্রত দাশ, রেজাউল আলম, অপু সরকার; মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মনিরুজ্জামান মীম ও সিফাত শাহরিয়ার।এ বহিষ্কারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টা খানেক পর এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে—ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর থেকে বহিষ্কারাদেশ ও সব শাস্তি প্রত্যাহার, মিথ্যা মামলা প্রত্যাহার, শর্ট সেমিস্টার চালু, প্রক্টরিয়াল বডির পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রলীগের সভাপতি আফরাদুল ইসলাম, ঋত্বিক দেব, রানা রায়, মাশেকুল বারী, চন্দন, নিজাম, অর্জুন, ধ্রুব, রাহুল, কিরণ প্রমুখ। সমাবেশ সঞ্চালন করেন শামীম মোল্লা। তিন দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আফরাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১৯ জানুয়ারি ঘোষিত ফলাফলে ছাত্রলীগের মাত্র তিনজন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছিলেন। অথচ এ পর্যন্ত যে ২৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। কিন্তু এই আন্দোলন ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। ছাত্রলীগকে নেতৃত্বশূন্য করতেই এ অবস্থার সৃষ্টি করা হচ্ছে।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. জামালউদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীরা যেসব অভিযোগ তুলেছেন, তা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন। ভর্তি-বাণিজ্যের কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থীর ইন্ধনে যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ভাঙচুর ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’