আরও আটজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় সুড়ঙ্গ কেটে ভল্ট থেকে ৩১ লাখ টাকা চুরির ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গত দুই দিনে আরও আটজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক শামসুজ্জামান শরীফ, ক্যাশিয়ার আজাহার আলী এবং ওয়েলডিং কারখানার মালিক ও সেই কারখানার দুই শিশুশ্রমিক। তবে ব্যবস্থাপক ও ক্যাশিয়ার বাদে আর কারও নাম জানায়নি পুলিশ।
আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কোনো কারণ ছাড়াই পুলিশ অন্যায়ভাবে এই ব্যক্তিদের থানায় আটকে রেখেছে। নাম প্রকাশ না করার শর্তে এক শিশুশ্রমিকের বড় ভাই জানান, পুলিশ তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না।
আটক ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর বিধান থাকলেও অনেককে দুই দিন ধরে থানায় আটক রাখা হয়েছে। তবে ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধার কিংবা প্রকৃত অপরাধীদের এখনো ধরতে পারেনি পুলিশ।
আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, মামলার তদন্তের স্বার্থে এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কাউকে হয়রানি করা হচ্ছে না।