
নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় র্যাব ও পুলিশের কর্মকর্তাসহ আটজনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।
আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। শুনানি শেষে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২৫ জুলাই ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের অব্যাহতিপ্রাপ্ত সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লে. কমান্ডার এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
গতকাল আদালতে সাক্ষ্য দেন বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সাবেক পরিচালক (স্টেকহোল্ডার রিলেশন) ইশতিয়াক হোসেন চৌধুরী, বন বিভাগের ঢাকা রেঞ্জের তৎকালীন রেঞ্জার ফজলুল হক, সিদ্ধিরগঞ্জ থানার সাবেক এসআই বর্তমানে
মুন্সিগঞ্জের লৌহজং থানায় কর্মরত মাসুদ আলম খান, র্যাব-১১-এর সাবেক ডিএডি বর্তমানে র্যাবের সদর দপ্তরে একই পদে কর্মরত জামাল উদ্দিন, একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী ও সাতজনের লাশ নদীতে ফেলে দেওয়ার কাজে ব্যবহৃত র্যাবের স্টিলবোট জব্দের সাক্ষী রমজান হোসেন, মামলার প্রধান আসামি নূর হোসেনের বাড়ি থেকে জব্দ করা মালামালের সাক্ষী ওয়ার্কশপ শ্রমিক মকবুল হোসেন ও মাছ ব্যবসায়ী আবদুর রউফ এবং ফতুল্লা মডেল থানার সাবেক ওসি বর্তমানে ঢাকা সিটি এসবিতে কর্মরত আক্তার হোসেন।
মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সাবেক পরিচালক ইশতিয়াক হোসেন চৌধুরী তাঁর সাক্ষ্যে আদালতকে বলেন, ২০১৫ সালের ১৮ মার্চ পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (কনফিডেনশিয়াল) মাহফুজুর রহমান গ্রামীণফোনের ১০টি নম্বরের কল ডিটেইল চেয়ে পাঠালে তাঁরা ৩০ মার্চ তা পাঠিয়ে দেন।
সরকারি কৌঁসুলি এস এম ওয়াজেদ আলী খোকন বলেন, আদালতে আটজনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। ২৫ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটিসহ দুটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।
গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। তবে বিচারকাজ শুরু হয় র্যাবের আট সদস্যসহ পলাতক ১২ আসামির অনুপস্থিতিতেই। পলাতক ১২ আসামির পক্ষে রাষ্ট্রপক্ষের খরচে পাঁচজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এর আগে গত বছরের ৮ এপ্রিল নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ জন বর্তমানে কারাগারে আটক।