আরও আটজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি নাগরিক হত্যা
জাপানি নাগরিক হত্যা

রংপুরে নিহত জাপানি নাগরিক কুনিও হোশি ভালো মানুষ ছিলেন। তিনি সবার সঙ্গে হাসিখুশিভাবে মিশতেন। তিনি জাপান থেকে এসে এখানে ব্যবসা শুরু করেন। তাঁর কোনো শত্রু ছিল না।
কুনিও যে বাড়িতে থাকতেন ওই বাড়ির মালিক জাকারিয়া বালা গতকাল রোববার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেছেন বলে জানিয়েছেন সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক।
এদিকে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল আরও আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ হলো। এদিকে আজ সোম, কাল মঙ্গলবার এবং আগামী ২ ও ৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ হবে।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল যে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাঁরা হলেন শহরের মুন্সিপাড়ার যে বাড়িতে কুনিও ভাড়া থাকতেন ওই বাড়ির মালিক জাকারিয়া বালা ও তাঁর স্ত্রী আয়শা জাকারিয়া, সাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু তালেব, অটোরিকশা গ্যারেজের মালিক আবদুল জলিল, তালা-চাবির মেকার আবদুল জলিল, আলামত জব্দকারী খুনের ঘটনাস্থল কাচু আলুটারী গ্রামের গ্রামবাসী শফিকুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজের কর্মচারী সোহেল আজাদ ও ফারুক ইসলাম। এই মামলার সাক্ষী ৫৭ জন।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, গতকাল সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসািমর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)।