আরও আটজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে নিজস্ব কর্মকর্তা নিয়োগ, ১০০ ভাগ রেশন, ডাল-ভাত কর্মসূচি, সেনাবাহিনীর সঙ্গে বিডিআরের বেতন সমতাসহ নানা বিষয়ে আগে থেকেই অসন্তোষ বিরাজ করছিল। বিদ্রোহ শুরুর পর সৈনিকেরা বলতে থাকেন, বিডিআরে কোনো সেনা কর্মকর্তা থাকবে না।গতকাল সোমবার পিলখানা হত্যা মামলার সাক্ষী দিতে এসে সিপাই সোহেল রানা এসব কথা আদালতে বলেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। সোহেল রানা ছাড়াও গতকাল পিলখানা হত্যা মামলার সাক্ষ্য দিতে এসে আরও সাত বিজিবি সদস্য ওই দিন পিলখানায় অগ্নিসংযোগ, লুট, নির্যাতন ও সেনা কর্মকর্তাদের লাশ গণকবর দেওয়াসহ নানা লোমহর্ষক ঘটনার বিবরণ দেন আদালতে।রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে সাক্ষ্য গ্রহণ চলছে।সোমবার সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। দুপুরে মধ্যাহ্ন বিরতি দিয়ে আদালতের কার্যক্রম বিকেল সোয়া চারটা পর্যন্ত চলে। পরে বিচারক জহুরুল হক আজ বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত এ মামলার সাক্ষ্য গ্রহণের কার্যক্রম মুলতবি করেন।গতকাল প্রথমেই সুবেদার শাহজাহান মিয়াকে জেরা সম্পন্ন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে সিপাই সোহেল রানা, নায়েক সাহাবুদ্দিন, হাবিলদার হুমায়ুন কবির, হাবিলদার সৈয়দ আবুল বাশর, নায়েক জামাল উদ্দিন, সিপাই গোলাম মোস্তফা ও সিপাই শাহজাহান আহমেদ পর্যায়ক্রমে আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, শামিম সরদার, সফিকুল ইসলাম, মোহাম্মদ রমজান খান ও জামাল উদ্দিন খন্দকারসহ বেশ কয়েকজন আইনজীবী সাক্ষীদের জেরা করেন। এ মামলায় এ নিয়ে ৯৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।আসামিপক্ষের আইনজীবীরা আদালতে অভিযোগ করে বলেন, পরবর্তী ধার্য তারিখে সাক্ষীদের নামের তালিকা যেন তাঁদের দেওয়া হয়। নইলে তাঁদের পক্ষে জেরা করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। হঠাৎ করে একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হলে অনেক ক্ষেত্রে তাঁদের কাছে ওই সাক্ষীর কাগজপত্র থাকে না। জেরার প্রস্তুতিও নেওয়া যায় না। তাদের যে তালিকা দেওয়া হবে, সে তালিকা অনুযায়ী যেন রাষ্ট্রপক্ষ সাক্ষীদের আদালতে হাজির করেন।আইনজীবীদের বক্তব্য শুনে বিচারক সাক্ষীদের নামের তালিকা আগেই সরবরাহের জন্য রাষ্ট্রপক্ষকে আদেশ দেন।