যশোর সদর উপজেলার ভৈরব নদের আরও সাড়ে চার কিলোমিটার এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নদে আড়াআড়িভাবে দেওয়া আটটি বাঁশের বেড়া ও নদের পাশের তিনটি টংঘর এ সময় উচ্ছেদ করা হয়।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রভাবশালী লোকজন ভৈরব নদের ভেতরে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছের চাষ করে আসছেন। মাছ চাষ পাহারা দেওয়ার জন্য নদের তীরে কয়েকটি টংঘর বানিয়ে মাদকের আসর বসানো হতো। গতকাল আটটি বাঁশের বেড়া উচ্ছেদের পাশাপাশি ওই টংঘরগুলোও ধ্বংস করা হয়েছে। ২ ফেব্রুয়ারি এ উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিনে নদের তিন কিলোমিটার এলাকার তিনটি বেড়া উচ্ছেদ করা হয়।
গতকাল অভিযান চালানো হয় নদের বিরামপুর কালীবাড়ি থেকে বোলপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলাকায়। এ সময় উপস্থিত ছিলেন যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। অভিযানে যশোর জেলা পুলিশ, র্যাব ও খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা দেন। অভিযানকালে বেড়া ও টংঘরগুলো খুলে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ‘ভৈরব নদ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান চলছে।