কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনার প্রধান অভিযুক্ত ইউসুফ মুন্সী ওরফে হাবিব ওরফে সোহেল রানার দ্বিতীয় স্ত্রী মাহিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে লুট হওয়া আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়। ঢাকার জুরাইন এলাকার একটি বাসা থেকে পুলিশ গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল মালেক মুঠোফোনে প্রথম আলোকে জানান, ইউসুফ মুন্সী ও তাঁর ছোট ভাই ইদ্রিস মুন্সীকে গত শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইউসুফকে নিয়ে গতকাল ভোরে ঢাকায় যায়। ওসি আবদুল মালেক আরও জানান, ইউসুফ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে সবকিছু বলা সম্ভব হচ্ছে না।
পুলিশ সূত্র জানায়, মহিমা বেগমকে ২০০৮ সালে বিয়ে করেন ইউসুফ। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ইউসুফের মনোমালিন্য চলছিল। তাই এই টাকা দিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছেদের পরিকল্পনা করছিলেন তিনি। এদিকে, ব্যাংকের এমএলএসএস আবু বক্কর সিদ্দিক কিশোরগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। আজ রোববার তাঁর রিমান্ডের অনুমতি পাওয়া গেলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখার ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে ইউসুফ। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গত রোববার ব্যাংকে গিয়ে লুটের ঘটনাটি বুঝতে পারেন। পরে র্যাব পাঁচ বস্তা টাকাসহ গত মঙ্গলবার ঢাকার শ্যামপুরের তনয় ভিলার ছয়তলার একটি ফ্ল্যাট থেকে ইউসুফ ও তাঁর সহযোগী ইদ্রিসকে গ্রেপ্তার করে। তনয় ভিলার মালিক নূরুল হুদাকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।