আরও ইতিবাচক খবর প্রকাশ করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বুধবার বিকেলে প্রথম আলোর উদ্যোগে আরডিআরএস মিলনায়তনে সুধী সমাবেশ ও পাঠকের মুখোমুখি এক মতবিনিময় সভা হয়।
সভায় বিশিষ্ট সুধীজনেরা সমাজের জন্য আরও ভালো কিছু কাজ ও ইতিবাচক খবর প্রকাশ করার জন্য প্রথম আলোকে পরামর্শ দেন। ভাষাসৈনিক মীর আনিসুল হক বলেন, প্রথম আলো যা কিছু করছে মঙ্গলের জন্য। বস্তুনিষ্ট সংবাদের পেছনে তারা প্রতিনিয়ত ছুটে চলেছে। বিয়াম স্কুল ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘প্রথম ও শেষ পাতা আরও পরিচ্ছন্ন দেখতে চাই।’
অধ্যাপক নাসিমা আক্তার বলেন, নারী উদ্যোক্তাদের দিকনির্দেশনার ওপর বেশি বেশি খবর চাই। জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতনের ওপর আরও বেশি খবর প্রত্যাশা করি। সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যাপক মো. শাহ আলম বলেন, প্রতিটি পাতায় আরও সৃজনশীল খবর আশা করি। সংস্কৃতির খবর কমে গেছে। এটি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান তিনি।
একটি বেসরকারি সংস্থার পরিচালক গুলশান আরা মাদক বিষয়ে পরামর্শমূলক সভা শুধু ঢাকায় নয়, জেলা পর্যায়ে করার জন্য প্রথম আলোসহ সবার প্রতি আহ্বান জানান। রাজনীতিক সৈয়দ নূর আহমেদ বলেন, রাজনৈতিক বিশ্লেষণধর্মী খবর আশা করি। কারমাইকেল কলেজিয়েট স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া বলেন, সচেতনতামূলক খবর পরিবেশন করলে সব শ্রেণীর পাঠক উপকৃত হতো।
সমাবেশে আরও মতবিনিময় করেন সাহিত্যিক আনওয়ারুল ইসলাম, সমাজসেবক সিরাজুল ইসলাম, রামকৃষ্ণ সোমানী, জি এম নজু, শওকত হোসেন, সদরুল আলম, রফিক সরকার, জয়ন্ত ভট্টাচার্য, হাসান আলী, নাজিয়া শারমীন, রিদওয়ানুর রহমান প্রমুখ।
সবশেষে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম উপস্থিত সুধীজনের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, প্রথম আলো প্রতিষ্ঠার শুরু থেকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আরও বেশি বেশি খবর কীভাবে প্রকাশ করা যায়, তা নিয়ে কর্তৃপক্ষ ভাবছে। ইতিমধ্যে বগুড়া থেকে পত্রিকা প্রকাশ হয়ে রংপুরসহ উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় পাঠকের কাছে ভোরেই পৌঁছে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর ওপর প্রামাণ্যচিত্র উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক মীর আনিসুল হক।