পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষকে হত্যা মামলায় গ্রেপ্তার বাবুল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষ না হতেই আজ শনিবার দুপুরে পুলিশ তাঁকে আমলি আদালত-২ এ হাজির করে। পরে জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম এ আদেশ দেন।
হত্যাকাণ্ডের এ ঘটনায় করা দুটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে থাকা ছয়জনের মধ্যে এ নিয়ে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো। রমজান আলী ও হারেজ আলী নামের দুজন বর্তমানে ১৮ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
গতকাল শুক্রবার জাহাঙ্গীর হোসেনকে ও গত বৃহস্পতিবার খলিলুর রহমানকে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। গত মঙ্গলবার প্রথম এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ১৮ দিনের রিমান্ডে থাকা আলমগীর হোসেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠান। জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই আলমগীর।
গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর পশ্চিমপাড়ে অবস্থিত সন্ত গৌড়ীয় মঠে গিয়ে দুর্বৃত্তরা মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে। মঠের সেবায়েত গোপাল চন্দ্রকে গুলি করে পালিয়ে যায়।
যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ হত্যার ঘটনায় এবং দেবীগঞ্জ থানার উপপরিদর্শক মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দুটি মামলাতেই তিন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার দিন রাতেই পুলিশ দুই মামলায় খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। ২৩ ফেব্রুয়ারি পৃথক দুটি মামলায় এঁদের ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ২৪ ফেব্রুয়ারি রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলমগীর হোসেন, রমজান আলী ও হারেজ আলীকে গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। ২৭ ফেব্রুয়ারি দুই মামলায় তাঁদের ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী জানান, ‘প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই বাবুল হোসেনসহ রিমান্ডে থাকা চার আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই এবং তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে আবার রিমান্ড চাওয়া হতে পারে।’