আরও এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে অটোরিকশাচালক শামীম মিয়াকে পুড়িয়ে হত্যা মামলার আসামি আল-আমিনকে আটক করেছে র‍্যাব। ইটনার রায়টুটি বাজারের কাছ থেকে গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।

আল-আমিন সদর উপজেলার আমাটি শিবপুর গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ র‍্যাব-১৪ ক্যাম্পের উপপরিচালক মেজর রিয়াদুল ইসলাম গতকাল বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য দেন।

মামলার বিবরণ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাতে আমাটি শিবপুর এলাকায় হাত-পা ও চোখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে অটোরিকশাচালক শামীমকে হত্যা করে দুর্বৃত্তরা। মাদক সেবনে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় শামীমের চাচা মানিক মিয়া পরের দিন স্থানীয় আবির হোসেন, সাজন মিয়া, আল-আমিন ও সফিকুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ মামলার আসামি আবির ও সাজনকে ১১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে। পরে তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।