কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি নুরুল আবছারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে আবছারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নাজিরপাড়া এলাকায়। তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি নুরুল হক ওরফে ভুট্টোর ছোট ভাই। এ নিয়ে এই মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ মে টেকনাফে পাঁচজন সাংবাদিককে কুপিয়ে জখম করেন ইয়াবা ব্যবসায়ীরা।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, পাঁচ সাংবাদিকের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন ইয়াবা ব্যবসায়ী ভুট্টো। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। ইতিমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নুরুল আবছার ওই মামলার ৩ নম্বর আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরও তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত অভিযুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আবছারকে রোববার আদালতে হাজির করা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে।