নোয়াখালীর কোম্পানী-গঞ্জে ‘পুলিশের তত্ত্বাবধানে’ কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল শনিবার আবুল খায়ের (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্থানীয় বসুরহাট বাজার থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃত আবুল খায়েরের বাড়ি চরকাঁকড়া গ্রামে।মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন গতকাল রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় তাঁরা খবর পান, আবুল খায়ের বসুরহাট বাজারে অবস্থান করছেন। তাৎক্ষণিক ডিবি পুলিশের একটি দল কোম্পানীগঞ্জে গিয়ে থানা পুলিশের সহায়তা নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।ওসি বিল্লাল জানান, গ্রেপ্তারের পর আবুল খায়েরকে কোম্পানীগঞ্জ থেকে নোয়াখালী ডিবির কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওসি জানান, মিলন হত্যার ভিডিওচিত্রের ভিত্তিতে আবুল খায়েরকে শনাক্ত করা হয়। ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট বাজারের মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ লাশ গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মিলনের মায়ের দায়ের করা মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।ডিবি সূত্র জানায়, তারা এই মামলায় এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকি চারজন হলেন চরকাঁকড়া গ্রামের জয়নাল জাফর ইকবাল, হারুনুর রশীদ, শাহ আলম ও আবদুল খালেক ওরফে মাছ খালেক। শাহ আলম এরই মধ্যে মিলন হত্যার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করে বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।