আরও এক আসামি গ্রেপ্তার, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে উদীচীর সভাপতি দীপক চন্দ্র দে হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে হত্যা মামলার আসামি জানে আলম ওরফে ভোলাকে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে মফিজুর রহমান নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত দীপক দে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। ১৫ মার্চ তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে দীপক হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড পৌর বাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সীতাকুণ্ড শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।
এতে সীতাকুণ্ড পূজা উদ্যাপন পরিষদ, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, গীতা শিক্ষাকেন্দ্র, মেঘমল্লা খেলাঘর, সীতাকুণ্ড রামকৃষ্ণ মঠ ও মিশনসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও নেতারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইন্দু নন্দন দত্ত, রণজিৎ কুমার দে, সঞ্জীব কুমার দে প্রমুখ। বক্তরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে কঠোর ও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। পরে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়।